কক্সবাজার

টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯ পাচারকারী

কক্সবাজার, ৬ জুন – কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এই অভিযানে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়জনকে আটক করতে সক্ষম হয়েছে কোস্ট গার্ডের সদস্যরা।

শনিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সমুদ্রপথে মানবপাচার প্রতিরোধে চলমান নিয়মিত নজরদারির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়া ইউনিট যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত দেওয়া হলে পাচারকারীরা তা অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরবর্তী সময়ে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করেন। তল্লাশি চালিয়ে ট্রলারে থাকা মালয়েশিয়াগামী ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং নয়জন পাচারকারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, সংঘবদ্ধ পাচারকারী চক্রটি উন্নত জীবন ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের টেকনাফে নিয়ে আসে। পাচারকারীরা তাদের গোপন আস্তানায় আটকে রেখে শারীরিক নির্যাতন চালাত এবং মুক্তিপণ দাবি করত।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃতদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা ছিল এই চক্রের। এছাড়া কোনো কোনো ভুক্তভোগীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের প্রমাণও পাওয়া গেছে।

উদ্ধার হওয়া ব্যক্তি, আটককৃত পাচারকারী ও ব্যবহৃত ট্রলারটির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এস এম/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language