সংগীত

নতুন রেকর্ড গড়লেন মনির খান

ঢাকা, ০৩ জুন – কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান রেকর্ড গড়লেন ভিডিও শেয়ারিংয়ের অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে। সম্প্রতিই এ শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘মনির খান’ দশ লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। যা এখন পর্যন্ত দেশিয় সংগীত শিল্পীদের মধ্যে প্রথম।

এ ব্যাপারে মনির খান বলেন, অডিও ক্যাসেটের যুগে যারা আমাকে মনির খান বানিয়েছেন তারা এই আধুনিক যুগেও অনলাইন মাধ্যমেও আমাকে সমানভাবে গ্রহণ করেছেন। এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। শ্রোতাদের ভালোবাসার কাছে আমি সবসময় কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, দশ লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করা এটা আমার অহংকার নয়, শ্রোতাদের ভালোবাসার প্রাপ্তি। শ্রোতারা যে ভালো ও সুন্দর বাংলা গান এখনো শুনে এটা তারই প্রমাণ। আমি পেশাদারিত্বের সঙ্গে আমার সর্বোচ্চটা দিয়ে সুন্দর শব্দ-ভাষা ও সুরের বন্ধনে সবসময় শ্রোতাদের কাছে ভালো গান পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। আর শ্রোতারা আমাকে সাদরে ভালোবেসে গ্রহণ করেছে।

১৯৯৬ সালে শিল্পীর ক্যারিয়ারের শুরু থেকে গাওয়া প্রায় সকল গানই শ্রোতাদের জন্য প্রকাশ করা হয়েছে চ্যানেলটিতে। আধুনিক এই যুগে পুরনো সময়ের টেপ রেকর্ডার ও অডিও-ভিডিও সিডির ক্যাসেটে প্রকাশ হওয়া গানগুলো প্রযুক্তির মাধ্যমে নতুন আঙ্গিকে প্রকাশ করা হয়েছে চ্যানেলটিতে। এছাড়াও পুরনো বেশ কিছু গানের নতুন করে মিউজিক ভিডিও-ও করা হয়েছে শ্রোতাদের জন্য।

মনির খান ডিজিটাল এই মাধ্যমে আত্মপ্রকাশ করেন ২০১৬ সালের ৮ জুন। প্রায় পাঁচ বছরে শ্রোতাদের জন্য নিজের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করেছেন ৩৮৯টি। এসব গানের মধ্যে রয়েছে একক অ্যালবাম ও সিঙ্গেল মিউজিক ভিডিও। চ্যানেলটির এ পর্যন্ত মোট ভিউয়ার্সের সংখ্যা ২৬ কোটি ৯ লাখ ৪৪ হাজার ২৬৭।

এদিকে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ১০০ গানের একটি প্রজেক্ট ঘোষণা করেছিলেন এ শিল্পী। প্রজেক্টটির কাজ প্রায় শেষের দিকে। আর এ প্রজেক্ট নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অঞ্জনা খ্যাত শিল্পী মনির খান।

প্রসঙ্গত, জনপ্রিয় এ শিল্পী ‘মনির খান’ নামে ইউটিউব চ্যানেল ছাড়াও ‘এমকে মিউজিক ২৪’ ইউটিউব চ্যানেলে শ্রোতাদের জন্য নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করছেন।

এন এইচ, ০৩ জুন


Back to top button
🌐 Read in Your Language