সকাল শুরু মুষলধারে বৃষ্টিতে, চলবে দুপুর পর্যন্ত
ঢাকা, ০১ জুন-ঢাকায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে রাস্তাঘাট, অলিগলিতে পানি জমে গেছে। তৈরি হয়েছে ভোগান্তির। বৃষ্টির পাশাপাশি হালকা বাতাসও হচ্ছে। মাঝেমধ্যে বজ্রপাতও হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি দুপুর পর্যন্ত চলতে পারে। অন্যদিকে সকাল থেকে আকাশ অন্ধকারাচ্ছন্ন থাকায় হেডলাইট জালিয়ে সড়কে গাড়ি চলতে দেখা গেছে।
আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেন, রাজধানীতে থেমে থেমে দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি হচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তথ্যসূত্র:বাংলাদেশ জার্নাল
এস সি /০১ জুন









