সুনামগঞ্জে বিকাশ প্রতারক চক্রের নারীসহ আটক ৩

সুনামগঞ্জ, ২৬ মে– সুনামগঞ্জে বিকাশ প্রতারক চক্রের নারীসহ তিনজনকে আটক করেছে র্যাব-৯ সুনামগঞ্জের ক্যাম্পের সদস্যরা। আজ বুধবার ভোর রাতে জেলার জগন্নাথপুর থানার হাবিবপুর গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জগন্নাথপুর উপজেলার হাবিবপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে মো. ময়নুল হক (২৯), একই গ্রামের তহিরউল্লাহর ছেলে মো. হানিফ আহমেদ (৩৮) ও তার স্ত্রী মোছা. পারভিন বেগম (৩৮)।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জ মল্লিককপুরস্থ র্যাব-৯ এর সিনিয়র পুলিশ সুপার আব্দুল্লাহ রাসেল বলেন, ‘ছাতকের একজনের অভিযোগের ভিত্তিতে আজ ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের সাহাদুলের বাড়ি থেকে এই তিন ব্যাক্তিকে আটক করে। আটককৃত ব্যাক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের সঙ্গে বিকাশের মাধ্যমে প্রতারণার করে আসার কথা স্বীকার করেছেন। ’
তিনি জানান, আটককৃত তিনজনের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা একটি টেলিফোন, ১২টি মোবাইল সেট, বিভিন্ন ব্যাংকের চেক বই, মোবাইল ফোনের চার্জার, এটিএম কার্ডসহ নগদ ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সূত্র : আমাদের সময়
এম এন / ২৬ মে









