দক্ষিণ এশিয়া

ভারতে ফের একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু

নয়াদিল্লী, ২২ মে – বিপর্যস্ত ভারতে চলছে মৃত্যুর মিছিল। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৪ জন মারা গেছেন। ফলে টানা দ্বিতীয় দিনের মতো আজ শনিবার দৈনিক মৃত্যু চার হাজারের গন্ডি ছাড়াল।

এসময়ে আগের দিনের তুলনায় অবশ্য কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে তা এখনও রয়েছে আড়াই লাখের ওপরেই। ভারতীয় সংবাদমাধ্যম থেকে এ খবর জানা গেছে।

আজ শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন। যা গতকাল শুক্রবারের তুলনায় প্রায় ২ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ১৯৪ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জনে দাঁড়িয়েছে। এর আগে গতকাল শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ২০৯ জন রোগী মারা গিয়েছিলেন।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২২ মে


Back to top button
🌐 Read in Your Language