নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ: ব্যবসায়িক লেনদেনের অভিযোগে বিদায়

কাঠমুন্ডু, ২২ এপ্রিল – আর্থিক ও ব্যবসায়িক সংশ্লিষ্টতা নিয়ে তীব্র বিতর্কের জেরে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ। অর্থপাচার মামলার তদন্তাধীন ব্যবসায়ী ডিপক ভাট্টার সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক থাকার অভিযোগ ওঠায় তিনি এই সিদ্ধান্ত নেন। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গুরুঙ জানান যে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বার্থের সংঘাত এড়াতেই তিনি পদ ছেড়েছেন। বিশেষ করে শেয়ারবাজারে তার বিনিয়োগ নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে সেটিকে গুরুত্বের সঙ্গে দেখার কথা উল্লেখ করেন তিনি। নৈতিকতাকে পদের চেয়ে বড় মনে করেন জানিয়ে গুরুঙ বলেন জনবিশ্বাসের চেয়ে শক্তিশালী আর কিছু নেই।
দেশে চলমান জেন জেড আন্দোলনের উদাহরণ টেনে তিনি আরও বলেন যে এই আন্দোলন সুশাসন ও জবাবদিহিতার যে দাবি তুলেছে তা নেতৃত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। ইতিপূর্বে গত ৯ এপ্রিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রমমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছিল। বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন বর্তমান সরকারের এটি দ্বিতীয় কোনো মন্ত্রীর পদত্যাগের ঘটনা।
এস এম/ ২২ এপ্রিল ২০২৬









