দুই গ্রুপে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা

ঢাকা, ২২ মে – বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। বিকেএসপিতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচটায় ব্যাটিংটা ভালোভাবেই সেরে নিয়েছে সফরকারীরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে ২ রানে জিতেছে শ্রীলঙ্কা ‘বি’ দল।
শ্রীলঙ্কা ‘বি’ দল আগে ব্যাটিং করতে নেমে নিরোশান ডিকবেলার ৮৮ ও কুশল মেন্ডিসের ৬৯ রানে ভর করে ২৮৪ রান সংগ্রহ করে। ডিকাবেলা ৬৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় নিজের ৮৮ রানের ইনিংসটি সাজিয়েছেন। অন্যদিকে কুশল মেন্ডিস ৪৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংসটি। এই দুই ব্যাটসম্যান ছাড়াও চামিকা করুণারত্নে ৩৫, লাকশান সান্দাকান ২৭ রানের ইনিংস খেলেছেন। সবমিলিয়ে ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ‘বি’ দলের সংগ্রহ দাঁড়ায় ২৮৪।
ব্যাটিং বান্ধব উইকেটে লঙ্কান ‘এ’ দলের বোলারদের কঠিন সংগ্রাম করতে হয়েছে। ইসুরু উদানা, দানুশকা গুনাথিলাকা, অজিথা ফার্নান্ডো ও ওয়ানিন্দু হাসারাঙ্গা প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
২৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালোই জবাব দিচ্ছিল লঙ্কান ‘এ’ দলের ব্যাটসম্যানরা। হাসারাঙ্গা ৭৯ ও আশেন বান্দারা ৮০ রানের ইনিংস খেলেছেন। পাশাপাশি অলরাউন্ডার ইসুরু উদানার ব্যাট থেকে আসে ৪৭ রানের ইনিংস। যদিও শেষ পর্যন্ত ৩৭.২ ওভারে ২৮২ রান তুলতেই অলআউট হয়ে যায় ‘এ’ দল।
‘বি’ দলের বোলারদের মধ্যে দারুণ বোলিং করেছেন চামিকা করুণারত্নে। ৪০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। এছাড়া দুষ্মন্থ চামিরা, চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্ডো ও লাকশান সান্দাকান একটি করে উইকেট নিয়েছেন।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ২২ মে









