ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে রেখে অনুশীলনে নিউজিল্যান্ড

লন্ডন, ২২ মে – ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং ভারতের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে রেখে অনুশীলন শুরু করেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তবে কোয়ারেন্টাইন শেষ না হওয়া দলের সঙ্গে যুক্ত হতে পারেননি অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেন, ম্যাচগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই জয় তুলে নিতে সর্বোচ্চটা দিয়েই খেলবে ব্ল্যাক ক্যাপরা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে গেল ১৭ মে সাউদাম্পটন যায় নিউজিল্যান্ড। দেশটির কোভিড নীতিমালা অনুযায়ী তিন দিন কোয়ারেন্টাইনে থাকার পর ব্ল্যাক ক্যাপরা পেয়েছে মাঠে ফেরার অনুমতি। তবে অনুশীলনটা হবে আপাতত ছয় জনের ছোট গ্রুপ করে।

ইংল্যান্ডে কিউইরা অনুশীলনের অনুমতি পেলেও, এখনো দর্শক বনে থাকতে হচ্ছে কেন উইলিয়ামসনকে। আইপিএল খেলে ভারত থেকে আসায় তাকে অন্তত ১০ দিন আইসোলেশনে কাটাতে হবে। তবে হোটেলের বন্ধ রুমেও নিজেকে ফিট রাখতে অনুশীলন করে যাচ্ছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ’দল মাঠের অনুশীলনে ফিরেছে এটা খুবই স্বস্তির। কিছুটা আগে ভাগে শুরু করতে পারায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা আমাদের জন্য সহজ হবে। তবে আমি এখনো শুরু করতে পারছি না বলে কিছুটা খারাপ লাগছে। আমরা ধারাবাহিক ছিলাম বলেই ফাইনালে জায়গা করেছি। এখন ভালো খেলে সেই ম্যাচটা জিততে চাই।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে নিউজিল্যান্ড। ২ জুন লর্ডসের পর শেষ ম্যাচ কিউইরা খেলবে এজবাস্টনে। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এই ম্যাচ দুটো নিয়ে বেশ সিরিয়াস উইলিয়ামসন।

কেন উইলিয়ামসন আরও জানান, ‘এই ম্যাচ দুটো আমাদের অনেক উপকার করবে। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে চূড়ান্ত প্রস্তুতিও সেরে নিতে পারবো। তবে এটা শুধুই আমাদের জন্য প্রস্তুতি ম্যাচ নয়। ভালো খেলে এখানেও আমরা জিততে চাই। তাহলে আত্মবিশ্বাসের দিক থেকেও এগিয়ে থাকবো।’

ইংলিশদের বিপক্ষে সিরিজ শুরু করার আগে ২৬ মে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। পরিবারের সঙ্গে সময় কাটানোয় এই সিরিজ মিস করলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে দলের সঙ্গে যুক্ত হবেন ট্রেন্ট বোল্ট।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২২ মে


Back to top button
🌐 Read in Your Language