দক্ষিণ এশিয়া

অ্যাস্ট্রাজেনেকা নিয়ে উদ্বিগ্ন নয় ভারত, নির্বিঘ্নে চলবে টিকা কর্মসূচি

নয়াদিল্লী, ১৯ মার্চ – ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপের কিছু দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিতের যে ঘোষণা দিয়েছে, তাতে তারা মোটেও উদ্বিগ্ন নয়। বুধবার (১৭ মার্চ) দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ‘পরিপূর্ণ উৎসাহ উদ্দীপনা’র মধ্য দিয়ে এ টিকাদান কর্মসূচি চলবে। ফরাসি বার্তা সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে রক্ত জমাট বাধার অভিযোগ ওঠার পর আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। এরইমধ্যে ফ্রান্স, স্পেন, জার্মানিসহ বিশ্বের কয়েকটি দেশ টিকাদান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। এদিকে লাইসেন্স নিয়ে অ্যাস্ট্রাজেনেকার টিকার একটি বড় অংশ তৈরির দায়িত্বে নিয়োজিত রয়েছে ভারতের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি সেরাম ইন্সটিটিউট।

আরও পড়ুন : আফগানিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত

অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যাপারে নরেন্দ্র মোদি সরকার কী পদক্ষেপ নিতে যাচ্ছে সে ব্যাপারে দেশটির মানুষের মধ্যে কৌতূহল ছিল। বুধবার কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দিয়েছে, নির্বিঘ্নে টিকা কর্মসূচি চলবে। এদিন ভারত সরকারের উপদেষ্টা কর্তৃপক্ষ নীতি আয়োগ-এর সদস্য বিনোদ কে. পল বলেন, ভারতীয় কর্তৃপক্ষ তথ্য পর্যালোচনা করছে, তবে এখন পর্যন্ত রক্ত জমাট বাঁধা ও টিকার মধ্যে কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি।

‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার মতো কোনও সংকেত আমরা পাইনি। সুতরাং পুরোপুরি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের ভ্যাকসিন কার্যক্রম চলবে। অন্যান্য সূত্র থেকেও তথ্য যাচাইয়ের চেষ্টা করছে ভারত। তবে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কোনও কারণই নেই।’ বলেন বিনোদ।

অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে বলা হয়েছে, টিকা প্রয়োগ করা এক কোটি ৭০ লাখের বেশি মানুষের সুরক্ষা তথ্য পর্যালোচনা করে রক্তে জমাট বাঁধাসহ কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। অঞ্চল, লিঙ্গ, বয়স ভেদে কিংবা নির্দিষ্ট কোনও দেশ থেকেও এমন তথ্য মেলেনি।

অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিগুলো জোর দিয়ে বলেছে- এই টিকাটি নিরাপদ। রক্ত জমাট হওয়া নিয়ে যা বলা হচ্ছে, তার সঙ্গে এই টিকা নেওয়ার কোনও সম্পর্ক নেই।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language