এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির

ঢাকা,২৯ নভেম্বর-‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি’ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, একটি দলকে বিদায় করে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য মানুষ রক্ত দেয়নি। জনগণ ব্যাপক পরিবর্তন চেয়েছিল। বিশেষ করে যুবসমাজ এই পরিবর্তন চেয়েছিল, যাদের কাছে জাতি ঋণী, বিশেষভাবে ঋণী। তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা দিয়ে সম্মান জানাই।
তিনি আরও বলেন, তাদের দলের নিজস্ব কোনো দাবি নেই। তাদের সাত দফার প্রতিটি দাবিই জনগণের দাবি। ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। নির্বাচনের আগে অন্যরাও বলেছে, তারাও বলেছে—‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে এর পুরোটা বাস্তবায়ন করা হবে।
জুলাই সনদের বিভিন্ন জায়গায় বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নমত দিয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানোর জন্য যেসব ধারা থাকা প্রয়োজন, সেগুলো তারা রাখতে চায়। আর যেসব ধারা থাকলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো সম্ভব হবে না, সেসব জায়গায় তারা ভিন্নমত জানিয়েছে।
বর্তমান বাংলাদেশ ভালো নেই উল্লেখ করে জামায়াত আমির বলেন, কেন দেশ ভালো নেই, তা সবার কাছে পরিষ্কার। একদিকে বর্তমান সরকার—সাড়ে ১৫ বছর তাদের মতো তারাও মজলুম ছিল। কিন্তু ৫ তারিখের পর থেকেই তারা সবকিছু ভুলে গেছে।
তিনি আরও বলেন, ৬ আগস্টের পর থেকেই তারা আওয়ামী লীগের কায়দায় এ দেশের মানুষের ওপর নির্যাতন শুরু করেছে। ব্যাপক চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি, কমিশন বসানো এবং রাজনৈতিক কূটকৌশলের মাধ্যমে তারা জাতিকে কষ্ট দিয়ে যাচ্ছে। ৫ তারিখের পর থেকে জাতির সঙ্গে তাদের আচরণ ইতিহাসের পাতায় পাতায় অত্যন্ত বেদনাদায়ক হয়ে থাকবে।
সংসদ অধিবেশনের শেষ দিন অর্থাৎ ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত চা-চক্রের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে বলেছেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের কথা বলছেন, আর তারাও জাতীয় ঐক্যের পক্ষে। জাতীয় ঐক্যের জায়গা সরকারই নষ্ট করেছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না, গণভোটের গণরায়ও বাস্তবায়ন করবে না—এই দুটি বিষয় ছাড়া কখনো এ দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হবে না।
এস এম/ ২৯ নভেম্বর ২০২৬







