শ্রীমঙ্গলে তাপমাত্রা কমে ১৪.৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

মৌলভীবাজার,২৮ নভেম্বর-মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা আরও কমে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার তাপমাত্রা ১৬ দশমিক ৭ এবং বৃহস্পতিবার ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
এদিকে, সকালে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি তুলনামূলক বেশি হচ্ছে। চা বাগানগুলোর পাতায় জমছে শিশির ও কুয়াশার আস্তরণ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা পাওয়ায় দুপুর থেকে বিকেল পর্যন্ত তাপমাত্রা সহনীয় থাকছে কিংবা কিছুটা উষ্ণ অনুভূত হচ্ছে। সন্ধ্যা নামার পর থেকেই শীতের আমেজ শুরু হচ্ছে। শেষ রাত ও ভোরের দিকে ঠান্ডা আরও বেশি অনুভূত হচ্ছে।
লাখাইছড়া চা বাগানের বাসিন্দা তপন বৈদ্য জানান, দিনের বেলা গরম অনুভূত হলেও শেষ রাত ও ভোরের দিকে বেশ ঠান্ডা পড়ছে। রাতে কুয়াশাও ঝরছে।
এদিকে, পুরোপুরি শীত শুরু হওয়ার আগেই জেলার বিভিন্ন উপজেলায় লেপ-তোষক সেলাই ও তৈরির কাজে কারিগর এবং ক্রেতাদের ব্যস্ততা বেড়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কমছে এবং সামনে শীতের অনুভূতি আরও বাড়বে।
অন্যদিকে, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীত উপেক্ষা করেই চা শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এস এম/ ২৮ নভেম্বর ২০২৬







