কানাডা-সৌদি আরব ও কাফকো থেকে ৫৪৩ কোটি টাকার সার কিনবে সরকার

ঢাকা,২৬ নভেম্বর-কানাডা ও সৌদি আরব থেকে এমওপি ও ইউরিয়া সার আমদানি এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ইউরিয়া সার কেনার তিনটি প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এই তিন প্রস্তাবের আওতায় মোট ১ লাখ ১০ হাজার টন সার কিনতে সরকারের ব্যয় হবে প্রায় ৫৪৩ কোটি ৪ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। সভায় মোট চারটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ পেয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভা সূত্রে জানা গেছে, সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে নবম লটে ৪০ হাজার টন (±১০ শতাংশ) এমওপি সার আমদানি করা হবে। এতে সরকারের ব্যয় হবে ১৮২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার।
অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১১তম লটে ৪০ হাজার টন (±১০ শতাংশ) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব করা হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ২১১ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৭০০ টাকা। প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৪২৩ দশমিক ৩৩ মার্কিন ডলার।
এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরে কাফকো থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবেও অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ১৪৯ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা। প্রতি টন সারের দাম পড়বে ৩৯৭ দশমিক ৮৭৫ মার্কিন ডলার।
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬







