বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই, বিতরণের সম্ভাব্য সময় ২৪–২৭ ডিসেম্বর

ঢাকা,২৬ নভেম্বর-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ কারণে শিক্ষাবর্ষ শুরুর অনেক আগেই এবার বইয়ের মুদ্রণ, বাঁধাই এবং মাঠপর্যায়ে সরবরাহের কাজ শেষ করা হচ্ছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা এ তথ্য জানিয়েছেন।
এক সাক্ষাৎকারে তিনি পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহের সর্বশেষ অবস্থা, নতুন বইয়ের গুণগত মান এবং বিতরণের সময়সূচি নিয়ে বিস্তারিত কথা বলেন।
এনসিটিবি চেয়ারম্যান জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষ হয়েছে। প্রাথমিক স্তরের ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের ৯২ শতাংশের বেশি বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি জানান, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বই ছাপা ও সরবরাহের কাজ শতভাগ শেষ হয়েছে। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪ দশমিক ১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।
এনসিটিবি চেয়ারম্যান আরও জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২ দশমিক ৯৭ শতাংশের পিডিআই সম্পন্ন হয়েছে এবং ৯২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপানো হচ্ছে।
বই বিতরণের সময়সূচি ও প্রস্তুতি সম্পর্কে ফখরুল মাওলা বলেন, আগে পহেলা জানুয়ারির বই উৎসবকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থের অপচয় হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রয়োজনীয় ব্যয় কমানোর নীতি গ্রহণ করেছেন। তাই এবার আগের সেই আয়োজন থেকে বেরিয়ে এসে শুধু বইয়ের মোড়ক উন্মোচনের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার জন্য স্কুলগুলোকে নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।
তিনি বলেন, স্কুলগুলোতে আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। এ কারণে ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা করা হচ্ছে। তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর নির্দিষ্ট তারিখ ঘোষণা করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে। সরকার যখনই চাইবে, তখনই বই বিতরণের জন্য এনসিটিবি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এনসিটিবি চেয়ারম্যান জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাইয়ের কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। এ লক্ষ্য সামনে রেখে কাজ চলছে।
বিগত বছরগুলোতে বইয়ের রেপ্লিকা দেখিয়ে উদ্বোধন করার প্রচলন পরিবর্তনের কথা উল্লেখ করে প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, আগে দেখা যেত, কিছু বইয়ের ছাপা বা বাঁধাইয়ের কাজ শেষ না হলেও অল্প কিছু বই কিংবা রেপ্লিকা দেখিয়ে বই উৎসব করা হতো। অথচ বাকি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাত মার্চ বা এপ্রিল মাসে। এবার এমনটা হবে না। শতভাগ প্রস্তুতি ও বই সরবরাহ নিশ্চিত হওয়ার পরই বিতরণ কার্যক্রম শুরু হবে।
বইয়ের গুণগত মান সম্পর্কে এনসিটিবি চেয়ারম্যান বলেন, কাগজের মান, ছাপার গুণগত দিক, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং সহজে ছিঁড়ে না যাওয়ার মতো বিষয়গুলো যাচাই করেই বইয়ের মান নিশ্চিত করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার বইয়ের গুণগত মান অনেক ভালো হবে। নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ বই সরবরাহ নিশ্চিত করা হবে, যা এনসিটিবির ইতিহাসে একটি বড় মাইলফলক হয়ে থাকবে।
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬







