যুক্তরাজ্যে জানুয়ারি থেকে বিদ্যুৎ-গ্যাসের বিল ২৬ শতাংশ বাড়াচ্ছে অফজেম

লন্ডন,২৬ নভেম্বর-মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আগামী জানুয়ারি থেকে যুক্তরাজ্যে গৃহস্থালি জ্বালানির খরচ উল্লেখযোগ্যভাবে বাড়তে যাচ্ছে। দেশটির লাখ লাখ পরিবারের বিদ্যুৎ ও গ্যাসের বিল ২৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা অফজেম। বুধবার সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল অনেক কমে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং জ্বালানির দাম বেড়েছে। এর প্রভাব সামগ্রিক মূল্যস্ফীতিতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাজ্যে বিদ্যুৎ ও গ্যাসের সর্বোচ্চ খুচরা মূল্যসীমা বা ‘এনার্জি প্রাইস ক্যাপ’ নির্ধারণ করে অফজেম। প্রতি তিন মাস পরপর সংস্থাটি এই মূল্যসীমা নতুন করে নির্ধারণ করে। বুধবার দেওয়া এক বিবৃতিতে অফজেম জানিয়েছে, আগামী জানুয়ারি থেকে জ্বালানির এই মূল্যসীমা ২৬ শতাংশ বাড়ানো হবে।
সংস্থাটির হিসাব অনুযায়ী, নতুন সিদ্ধান্ত কার্যকর হলে একটি সাধারণ পরিবারের বছরে জ্বালানি খরচ প্রায় ৪৪৩ পাউন্ড বাড়বে। এতে বার্ষিক বিলের পরিমাণ দাঁড়াবে প্রায় ২ হাজার ১৬৬ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ হাজার ৭১৫ টাকা।
অফজেমের বাজারবিষয়ক মহাপরিচালক নিল কেনওয়ার্ড বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির খরচ ধারাবাহিকভাবে বাড়ছে। শীতকাল ঘনিয়ে আসার সময় এই মূল্যবৃদ্ধি অনেক পরিবারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।
নতুন মূল্যসীমার প্রভাব পড়বে যুক্তরাজ্যের প্রায় ২ কোটি পরিবারের ওপর। এসব পরিবার পরিবর্তনশীল মূল্যহারের সাধারণ জ্বালানি চুক্তির আওতায় রয়েছে। তবে নির্দিষ্ট মেয়াদের জন্য নির্ধারিত মূল্যে (ফিক্সড রেট) চুক্তি করা আরও ১ কোটি পরিবার আপাতত এই মূল্যবৃদ্ধির প্রভাব থেকে সুরক্ষিত থাকবে। তাদের চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বাড়তি দাম কার্যকর হবে না।
পরিস্থিতি সামাল দিতে সরকার প্রতিটি পরিবারকে জ্বালানি বিলে ১০০ পাউন্ড বা প্রায় ১৬ হাজার ৪১৪ টাকা এককালীন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে এই সহায়তা দেওয়ার পরও নতুন মূল্যসীমা কার্যকর হলে অনেক পরিবারকে আগের তুলনায় বেশি অর্থ খরচ করতে হবে।
গত অক্টোবর মাসে প্রকাশিত বার্ষিক বাজেট প্রতিবেদনে ২ কোটি পরিবারের জন্য এই ভর্তুকির ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে গ্যাস বিলের নির্দিষ্ট ফি তুলে নেওয়ার পরিকল্পনার কথাও জানায় সরকার। এ ছাড়া গৃহস্থালি বিদ্যুৎ বিলের ওপর সাময়িক কর ছাড়ের মেয়াদও বাড়ানো হয়েছে।
এদিকে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ব্যাপকভাবে বেড়েছে। ডাচ টিটিএফ ফিউচার চুক্তির হিসাব অনুযায়ী, এ সময়ে গ্যাসের দাম প্রায় ১৯০ শতাংশ বেড়েছে। প্রতি মেগাওয়াট-ঘণ্টার দাম প্রায় ৩২ ইউরো থেকে বেড়ে ৯২ ইউরোতে পৌঁছেছে, যা প্রায় ১০১ ডলারের সমান।
জ্বালানির পাশাপাশি পরিবহন খাতেও যুদ্ধের প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মোটর জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় গত অক্টোবরে যুক্তরাজ্যের বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৬ শতাংশে দাঁড়ায়। গত ১২ মাসের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ মূল্যস্ফীতির হার।
বিশ্লেষকদের আশঙ্কা, জানুয়ারি থেকে জ্বালানির নতুন মূল্যসীমা কার্যকর হলে আগামী বছর দেশটিতে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তবে বর্তমান পরিস্থিতি ২০২২ সালের জ্বালানি সংকটের তুলনায় এখনো কম উদ্বেগজনক। ওই বছর রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইউরোপজুড়ে জ্বালানির বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। যুক্তরাজ্যে জ্বালানির সর্বোচ্চ মূল্যসীমা সবচেয়ে বেশি বেড়েছিল ২০২২ সালের অক্টোবরে। তখন একবারেই দাম ৮০ শতাংশ বাড়ানো হয়েছিল।
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬







