মধ্যপ্রাচ্য

রাসায়নিক অস্ত্রের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে চাইছে ইসরায়েল: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

তেহরান,২৬ নভেম্বর-ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে নতুন করে আরেকটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে ইসরায়েল বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার (২৫ নভেম্বর) তিনি এ অভিযোগ করেন। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছিলেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আরাগচি বলেন, ‘এই যুদ্ধবাজ ব্যক্তি নির্লজ্জভাবে ইরানের বিরুদ্ধে ওষুধ কারখানায় ভয়ংকর এসব অস্ত্র তৈরি ও লুকিয়ে রাখার অভিযোগ করছেন। এর উদ্দেশ্য অত্যন্ত দুঃসাহসিক—যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিয়ে ইসরায়েলের হয়ে আরও একটি যুদ্ধে জড়ানো।’

দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ করে আসছে ইসরায়েল। তবে মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করেন, তেহরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে। একই সঙ্গে ইরানকে এ ধরনের অস্ত্র অর্জন করতে না দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

কাটজের রাজনৈতিক দল লিকুদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে এসব অস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালানোর সক্ষমতা এখনো দেশটি অর্জন করতে পারেনি। তিনি বলেন, এই কার্যক্রম চলতে দেওয়া যায় না।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকটের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র আভিগদর লিবারম্যান বলেছেন, এই মুহূর্তে ইরানে হামলা চালানোর প্রয়োজন নেই। বুধবার তিনি দেশটির অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন।

লিবারম্যানের অভিযোগ, ক্ষমতার লোভে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বিবেকবুদ্ধি হারিয়েছেন।

এক্সে দেওয়া এক পোস্টে লিবারম্যান বলেন, ইরানের হাতে রাসায়নিক অস্ত্র থাকার বিষয়ে করা বক্তব্যগুলো গুরুতর। তবে গোয়েন্দা তথ্য ও সামরিক অভিযানের দিক বিবেচনা করলে এই মুহূর্তে ইসরায়েলের এককভাবে হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই।

এদিকে ইসরায়েলের এসব অভিযোগকে অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে ইরান। গত সপ্তাহেও ইরানের রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে দেওয়া বক্তব্যকে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছিলেন আরাগচি।

এস এম/ ২৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language