ইউরোপ

ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিরোধিতা রাশিয়ার, পুনর্ব্যক্ত করল ক্রেমলিন

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

মস্কো,২৫ নভেম্বর-ইউক্রেনের ভূখণ্ডে কোনো ধরনের বিদেশি সামরিক বাহিনী মোতায়েনের বিষয়টি রাশিয়ার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের সাম্প্রতিক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মস্কোর এই অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার রুশ সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে রাশিয়ার অনড় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইউক্রেনের ভূখণ্ডে যেকোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি রাশিয়ার কাছে সম্পূর্ণ অনুচিত ও অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, বিষয়টি আগেও বিভিন্ন পর্যায় থেকে বারবার স্পষ্ট করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই অবস্থানের কথা জানিয়েছেন।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রস্তাবের সমালোচনা করে ক্রেমলিনের মুখপাত্র বলেন, জনসনের ধ্বংসাত্মক মনোভাব সম্পর্কে রাশিয়া ভালোভাবেই অবগত। পেসকভ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সেই ব্যক্তি, যিনি ২০২২ সালে যুদ্ধের অবসান হতে দেননি। খুব নরম ভাষায় বললেও তিনি এখনো শান্তিবিরোধী মনোভাব পোষণ করে চলেছেন।

এস এম/ ২৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language