জাতীয় ঐক্যের ডাক তারেক রহমানের, সংলাপে বসতে আগ্রহী জামায়াতসহ রাজনৈতিক দলগুলো

ঢাকা,২৫ নভেম্বর-গণতন্ত্রে নানা মত ও ভিন্নমত থাকে। ভিন্নমতের সহাবস্থানই গণতন্ত্রের মূল সৌন্দর্য। তবে দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলোকে দলমতের ঊর্ধ্বে উঠতে হয়। দলীয় স্বার্থের বাইরে গিয়ে দেশের স্বার্থ রক্ষায় কাজ করতে হয়। এ কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’ কখনো কখনো দেশের স্বার্থে দলীয় স্বার্থ ছাড় দেওয়ার যে নীতি শহীদ জিয়া গ্রহণ করেছিলেন, সেই নীতি অনুসরণ করেছেন তাঁর যোগ্য সন্তান তারেক রহমান।
দেশে যখন রাজনীতির নামে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে গণতন্ত্রবিরোধী অপশক্তি, ঠিক তখনই জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু আহ্বান জানিয়েই তিনি থেমে থাকেননি, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন। ১৮ নভেম্বর শেষ হওয়া সংসদের চতুর্থ অধিবেশনের বিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার কথা বলা হয়।
এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। প্রথমে সংলাপে অংশ নেয় এনসিপি। গত ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির বৈঠক হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। আলোচনা ও মধ্যাহ্নভোজ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের ৩৫ মিনিট আলোচনা হয়।
এনসিপির পর জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতের সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী। দলটির আমির দেশের বাইরে থাকায় এখন পর্যন্ত জামায়াতের সঙ্গে সংলাপ হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়টি আলোচনায় আসার পর সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন জামায়াতের আমির শফিকুর রহমান।
জামায়াতের সংশ্লিষ্ট সূত্র জানায়, অস্ট্রেলিয়া সফর শেষে জামায়াত আমিরের এক দিনের জন্য মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা ছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, জামায়াত আমিরের আগামী বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল। কিন্তু মালয়েশিয়া সফর বাতিল করে তিনি বুধবার দেশে ফিরেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ বা মতবিনিময়ের উদ্যোগ নিয়েছেন, তাতে অংশ নিতে আগ্রহী সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটি জাতীয় ঐক্য গড়ার এ উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে। তবে একা নয়, ১১-দলীয় ঐক্যের সব দলকে নিয়ে একসঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত।
তবে দেখা যাচ্ছে, এসব সংলাপে রাজনৈতিক দলগুলো মূল আলোচ্যসূচির বাইরে বিভিন্ন বিষয়ও তুলে ধরছে। যেমন এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে জুলাই সনদসহ বেশ কিছু বিষয় উঠে এসেছিল। প্রধানমন্ত্রীকে তারা বলেছে, ঐক্য চাইলে অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রশ্নে আপসকামিতা, ২৪-এর পরাজিত শক্তির বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট অবস্থান না থাকার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে। একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের রায় বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করে নাহিদ ইসলাম জানান, এ কারণে কমিটি বাতিলের আহ্বান জানিয়েছে এনসিপি। একই সঙ্গে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের কথাও বলেছে দলটি।
জামায়াতের পক্ষ থেকেও আসন্ন সংলাপে এসব বিষয় তুলে ধরা হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে জামায়াত যে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক, তা জানানো হয়েছে। একই সঙ্গে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সংলাপ হলে ১১-দলীয় ঐক্যের সব দলকে নিয়ে একসঙ্গে হতে হবে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য দলকেও আমন্ত্রণ জানানো উচিত।
জামায়াত ১১ দলগতভাবে সংলাপে বসতে চায়। কারণ, এ আলোচনায় তারা গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের মতো বিষয় নিয়ে কথা বলতে চায়। এসব দাবিতে তারা সংসদে যেমন সরব, তেমনি রাজপথেও আন্দোলন করছে। প্রশ্ন হলো, আলোচনায় এসব বিষয় কতটা জরুরি?
আমরা উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে দেখি, সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র দ্বন্দ্ব ও মতবিরোধ থাকা সত্ত্বেও দেশের জরুরি বিষয়ে তারা এসব বিরোধ পাশে রেখে আলোচনা করে এবং সমাধানের পথ খুঁজে বের করে।
যুক্তরাজ্যের কথাই ধরা যাক। সেখানে লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির মধ্যে বিরোধ দেশটির গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু যখনই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো সমস্যা দেখা দেয়, তখন তারা আলোচনায় বসে সমাধানের চেষ্টা করে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে অংশ নেওয়ার প্রশ্নে যুক্তরাজ্যে সর্বদলীয় বৈঠক হয়। সেখানে তারা যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। অভিবাসন ইস্যুতেও ব্রিটেনের সব দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। এর অর্থ এই নয় যে, কনজারভেটিভ পার্টির অন্য দাবিগুলো ক্ষমতাসীন লেবার পার্টি মেনে নিচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য এখন চরমে। কিন্তু দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে দুটি দল একমত এবং একসঙ্গে কাজ করে। ডেমোক্র্যাটরা ট্রাম্পের সব একতরফা সিদ্ধান্তের সঙ্গে একমত না হলেও দেশের স্বার্থে একসঙ্গে কাজ করে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য ও মূল ভিত্তি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে তারা একসঙ্গে কাজ করবে—এটাই সুস্থ গণতান্ত্রিক রাজনীতির বৈশিষ্ট্য।
প্রধানমন্ত্রী তারেক রহমান বহুদলীয় গণতন্ত্রের এ সংস্কৃতি বাংলাদেশে চালুর একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সারা দেশে অগ্নিসংযোগ ও সন্ত্রাস প্রতিরোধে তিনি বিরোধীদলীয় নেতার সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এখন দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন। বাংলাদেশে অতীতে এ ধরনের চর্চা দেখা যায়নি।
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সংসদকে কার্যকর করার পাশাপাশি বিরোধী দলের মতামতকেও গুরুত্ব দিচ্ছেন। বিরোধী দলগুলোরও এখন এ রীতিনীতি অনুসরণ করা উচিত। এ মুহূর্তে প্রয়োজন সন্ত্রাস প্রতিরোধে জাতীয় ঐক্য। গণভোট কিংবা সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ে বিতর্ক ও মতপার্থক্য থাকতেই পারে। সরকার ও বিরোধী দল এসব বিষয়ে সংসদে আলোচনা ও বিতর্ক করবে। আগামী নির্বাচনে জনগণ এসব মতপার্থক্য ও বিরোধ বিবেচনা করবে এবং ভোটের মাধ্যমে কে সঠিক আর কে ভুল, সে বিষয়ে রায় দেবে।
কিন্তু দেশের মানুষ যখন আক্রান্ত, তখন জাতীয় ঐক্যের বিনিময়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করা সঠিক কাজ নয়। দেশের স্বার্থ কোনো দেওয়া-নেওয়ার বিষয় নয়। দেশে গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী এগিয়ে এসেছেন। এখন বিরোধী দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এস এম/ ২৫ নভেম্বর ২০২৬







