জাতীয়

জোহানেসবার্গ ও কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করবে সরকার

বুধবার সকাল ১১টায় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল

ঢাকা,২৫ নভেম্বর-দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার সকাল ১১টায় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিমান যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।

পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের কাছে আকর্ষণীয়। দুই দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক যাতায়াত বাড়ানোর বিষয়েও তিনি গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ আশা প্রকাশ করে, বিমান যোগাযোগ ও পর্যটন খাতে সহযোগিতার উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এস এম/ ২৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language