নারায়নগঞ্জ

ফতুল্লায় ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ ও আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

ফতুল্লায় ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ

নারায়ণগঞ্জ,২১ নভেম্বর-নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন রংপুরের বদরগঞ্জের কুমারপাড়া এলাকার শাহিন আলম (৩০), তাঁর স্ত্রী লিমা পারভীন (২৬), শাহিনের ভাই শাহেদ আলী (২৫) এবং তাঁদের আত্মীয় মো. হোসেন (২৪)।

গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ ছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরের ভেতরে আগুন ধরে যায়। তাঁদের ধারণা, গ্যাসের পাইপে লিকেজ অথবা চুলার গ্যাসের চাবি খোলা থাকায় ফ্ল্যাটের ভেতরে গ্যাস জমে ছিল। সকালে চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে দরজা-জানালার পাশাপাশি ঘরের আসবাবপত্রও পুড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

এস এম/ ২১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language