চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ,১৯ নভেম্বর -চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল-আমিন অপু জানান, সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চলছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল চালানো হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে। রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফ্লাডলাইট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর ফলে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক কোনো গতিবিধি দেখা গেলে দ্রুত তা শনাক্ত করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় মানুষের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তাই সীমান্ত এলাকার সবার প্রতি তাঁর অনুরোধ, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে।
তিনি আরও বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ কিংবা সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে। অন্যদিকে সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা ঠেকাতে বিজিবির নজরদারি ও অভিযান চলমান থাকবে।’
এস এম/ ১৯ নভেম্বর ২০২৬







