কুমিল্লা

এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ, আওয়ামী লীগ কার্যালয় ও বাহারের বাসভবনে আগুন

সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার

কুমিল্লা,১৮ নভেম্বর-বিএনপির সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মিছিলের একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবনে আগুন দেন।

মঙ্গলবার রাতে নগরীর মুনসেফবাড়ি এলাকায় অবস্থিত বাহারের তিনতলা বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও আগুন দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি।

এদিকে, একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরির কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের অনুসারী দুই যুবক জড়িত বলে দাবি করা হলেও ঘটনাস্থল বা ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছেন বলে দাবি করা হলেও মহাসড়কের ঠিক কোন স্থানে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এস এম/ ১৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language