ক্রিকেট

জোহানেসবার্গ টেস্টে তিন পেসার ও এক স্পেশালিস্ট স্পিনার নিয়ে মাঠে নামার ইঙ্গিত শান্তর

নাজমুল হোসেন শান্ত

ঢাকা,১৪ নভেম্বর-দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে। পেস সহায়ক উইকেটে তিন পেসার নিয়ে এরই মধ্যে একাদশ ঘোষণা করেছে প্রোটিয়ারা। এবার বাংলাদেশও একই পথে হাঁটছে।

টেস্ট শুরুর আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন একাদশ নিয়ে আভাস দিয়েছেন তিনি। জানিয়েছেন, পেস সহায়ক উইকেটে তিন পেসারের পাশাপাশি একজন বিশেষজ্ঞ স্পিনার খেলানোর পরিকল্পনা রয়েছে।

বোলিং কম্বিনেশন নিয়ে শান্ত বলেন, ‘তিন পেসার তো অবশ্যই থাকবে, এতটুকু বলতে পারি। সঙ্গে একজন স্পিনারও থাকা উচিত। স্পিনাররাও ভালো অবদান রাখছে। অস্ট্রেলিয়ায় যেভাবে বল করেছে, বিশেষ করে মিরাজ। আমার মনে হয়, এই কম্বিনেশনে আমরা যেতে পারি। তারপরও আরও একদিন সময় আছে। সকালে এসে আরেকবার উইকেট দেখে সিদ্ধান্ত নেব।’

একজন স্পিনার খেলানোর পরিকল্পনা থাকায় বিকল্প হিসেবে মুমিনুল ও হৃদয়কেও নেটে বোলিং করতে দেখা গেছে। শান্ত বলেন, ‘মুমিনুল ভাইকে এই বার্তা আগেই দেওয়া হয়েছে, তিনি যেন নেটে বল করেন। এর আগে যে কন্ডিশনে আমরা খেলেছি, এই দুই ভেন্যু তার চেয়ে ভিন্ন। তাই একটু ভিন্ন বোলিং আক্রমণ নিয়ে আমরা যাব। পাশাপাশি হৃদয়ের বোলিং গুরুত্বপূর্ণ। টেস্ট বা ওয়ানডে বলুন, আমাদের দলে খুব বেশি বোলিং হয় না। দল হিসেবে আমরা শুরু করেছি, ব্যাটাররা যেন নেটে বোলিং করি। এটাই পরিকল্পনা। যদি ম্যাচে কাজে লাগে, কেন নয়?’

পরে ব্যাটিং ইউনিটে তানজিদ তামিমের ভূমিকা নিয়ে শান্ত বলেন, ‘কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের কথা বলব না। এ ধরনের কন্ডিশনে পুরো ব্যাটিং ইউনিটের পারফর্ম করা জরুরি। বিশেষ করে যারা উইকেটে সেট হবে, তাদের বড় ইনিংস খেলতে হবে। সেটা তামিম হোক বা অন্য কেউ। প্রথম ইনিংসে বড় রান জড়ো করলে আমাদের যে বোলিং আক্রমণ আছে, তা দিয়ে লড়াই করা যাবে।’

এস এম/ ১৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language