রিজার্ভ থেকে ২০৫ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক, কমল ডলারের দর

ঢাকা,১৩ নভেম্বর-বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২০৫ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে রেমিট্যান্স হাউসগুলো বাণিজ্যিক ব্যাংকের কাছে ১২৫ টাকার কম দরে ডলার বিক্রি করেছে।
কেন্দ্রীয় ব্যাংক প্রতি ডলার ১২৪ টাকা ৭৪ পয়সা দরে বিক্রি করেছে। পাশাপাশি নিলামে অংশ নেওয়া ব্যাংকগুলোকে এসব ডলার আন্তঃব্যাংক বাজারে পুনরায় বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের লেনদেন বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
চলতি মাসের শুরুর দিকে ১২৪ টাকা ৩০ পয়সা থেকে ১২৪ টাকা ৩৫ পয়সা দরে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। গতকালের ডলার বিক্রির পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮২ বিলিয়ন ডলারে। এর আগের দিন রিজার্ভ ছিল ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি বাণিজ্যিক ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকালে রেমিট্যান্স হাউসগুলো বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ১২৫ টাকা ৩০ পয়সা থেকে ১২৫ টাকা ৪০ পয়সা দরে ডলার বিক্রির প্রস্তাব দিয়েছিল। কয়েকটি ব্যাংক ১২৫ টাকা ৩০ পয়সা থেকে ১২৫ টাকা ৩২ পয়সা দরে ডলার কিনেছেও।
তবে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে নিলামের মাধ্যমে ডলার বিক্রির পর দাম কিছুটা কমে আসে। নিলামের পর বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ১২৪ টাকা ৯০ পয়সা থেকে ১২৪ টাকা ৯৫ পয়সা দরে ডলার কিনেছে। কোনো কোনো ব্যাংক ১২৪ টাকা ৯০ পয়সার চেয়েও কম দামে ডলার কিনেছে।
আরেকটি বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিলামে ডলার বিক্রির পর রেমিট্যান্স হাউসগুলো ১২৫ টাকার নিচে দাম প্রস্তাব করতে শুরু করে। অর্থাৎ ২০৫ মিলিয়ন ডলার বিক্রির ফলে বাজারে ডলারের দাম অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের হস্তক্ষেপ আরও বিচক্ষণতার সঙ্গে করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক দুপুর ১টা ২০ মিনিটে নিলামে ডলার বিক্রির নোটিশ দেয়। এই নোটিশ সকালে দেওয়া হলে দাম আরও কিছুটা কমানো সম্ভব হতো। কারণ, মাসের শুরুর দিকে ডলারের চাহিদা তুলনামূলকভাবে বেশি থাকে। তাই নিলামে ডলার বিক্রির পরিকল্পনা থাকলে সকালেই তা জানিয়ে দেওয়া উচিত। কারণ, ডলার কেনার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকেও প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করতে হয়।
আরেকটি বাণিজ্যিক ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, গতকাল রেমিট্যান্স হাউসগুলো থেকে ৩০০ মিলিয়ন ডলারের বেশি কিনেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয়ও বাড়ছে। ফলে একই পরিমাণ তেল আমদানি করতে আগের তুলনায় বেশি খরচ হচ্ছে।
একজন ব্যাংকার বলেন, ২০০ মিলিয়ন ডলার বড় অঙ্কের অর্থ। এই পরিমাণ ডলার কেন্দ্রীয় ব্যাংক আরও কয়েক দিন আগে বাজারে ছাড়লে ডলারের দাম ১২৫ টাকা ছাড়াত না। বাজারের দর নিয়ন্ত্রণে রাখতে কী পরিমাণ ডলার বিক্রি করা প্রয়োজন, সে বিষয়েও কেন্দ্রীয় ব্যাংকের বিশ্লেষণ করা উচিত।
এস এম/ ১৩ নভেম্বর ২০২৬







