শিক্ষা

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে আবেদন ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থীর, পরীক্ষকদের গাফিলতি পেলে ব্যবস্থা

শিক্ষা বোর্ড

ঢাকা,১৩ নভেম্বর-চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এসব শিক্ষার্থী ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ১৭ হাজার ৭০০টি আবেদন এসেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে।

অন্য বোর্ডগুলোর মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, গত দুই বছর ধরে পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ রাখা হয়েছে। অর্থাৎ নির্ধারিত একটি মানদণ্ড অনুসরণ করে খাতা মূল্যায়ন করা হয়েছে। গত বছরও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। সদ্য প্রকাশিত এইচএসসির ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, সব বোর্ডেই বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজি, বাংলা ও আইসিটির মতো আবশ্যিক বিষয়গুলোতে খারাপ ফল করেছে।

তিনি বলেন, এসব বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাও বেশি। তুলনামূলক খারাপ ফল এবং অকৃতকার্য হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে বোর্ডগুলো কাজ শুরু করেছে।

ফল খারাপ হওয়ার পেছনে শিক্ষক সংকটকে একটি বড় কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক কলেজে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই। এমনকি সরকারি কলেজগুলোতেও বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে আইসিটি পড়ানো হয়।’

ঢাকা বোর্ডের চিত্র

ঢাকা শিক্ষা বোর্ডের বিষয়ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বাংলা, ইংরেজি ও আইসিটির পাশাপাশি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৪২ হাজার ২টি করে এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন জমা পড়েছে। ঢাকা বোর্ডে এই বিষয়গুলোতেই সবচেয়ে বেশি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন এসেছে।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, আবশ্যিক বিষয়গুলোর মধ্যে ইংরেজির পাশাপাশি বাংলাতেও উল্লেখযোগ্যসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন করা হয়েছে।

বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রসায়নে সবচেয়ে বেশি আবেদন এসেছে। এ বিষয়ে প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৮ হাজার ৪৮২টি করে আবেদন জমা পড়েছে। এ ছাড়া জীববিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৫ হাজার ৭৫৭টি করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।

মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্ম বিষয়ে ১ হাজার ৯৯৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে হিসাববিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন এসেছে। এ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৮২৭টি করে আবেদন করা হয়েছে। এ ছাড়া ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ২ হাজার ৩৩১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ১১টি বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি পত্রের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। আবেদনের শেষ সময় ছিল গত ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত।

পরীক্ষকদের গাফিলতি হলে ছাড় নয়

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্র জানিয়েছে, এর আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পরও বড় ধরনের পরিবর্তন দেখা গিয়েছিল। ওই পরীক্ষায় ১১টি বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন। এসব আবেদনে মোট পত্রের সংখ্যা ছিল ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি। পুনর্নিরীক্ষণের পর সারা দেশে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেন এবং নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন।

এসএসসির মতো এইচএসসির উত্তরপত্র মূল্যায়নেও বড় ধরনের অসঙ্গতি বা নম্বরের ব্যাপক ব্যবধান পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এসএসসির উত্তরপত্র মূল্যায়নে বড় ধরনের অনিয়মের কারণে শতাধিক পরীক্ষক ও প্রধান পরীক্ষককে চিহ্নিত করা হয়েছে। তাদের বিষয়ে সুনির্দিষ্টভাবে যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠানো হচ্ছে। এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময়ও যদি একইভাবে অনুচিত নম্বর বা অতিরিক্ত নম্বরের পার্থক্য পাওয়া যায়, তাহলে উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বে অবহেলা করা পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে একই প্রক্রিয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

তিনি স্পষ্ট করে জানান, একজন শিক্ষার্থী আগে কত নম্বর পেয়েছিলেন এবং পুনর্নিরীক্ষণের পর কত নম্বর পাচ্ছেন, সেই নম্বরের ব্যবধান বিবেচনা করেই মূলত অনুচিত বা ত্রুটিপূর্ণ মূল্যায়ন নির্ধারণ করা হবে। এরপর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ডের কর্মপরিকল্পনা অনুযায়ী, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন নেওয়ার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে আবেদনসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। এরপর কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্যসহ তালিকা এবং বিষয়ভিত্তিক তালিকা সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। পাশাপাশি পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করা হবে। পরবর্তী ধাপে পুনর্মূল্যায়নের দায়িত্বে থাকা পরীক্ষকদের ব্রিফিং দেওয়ার পর খাতা পুনর্মূল্যায়নের কাজ শুরু হবে।

এতে আরও জানানো হয়েছে, খাতা দেখা শেষে যেসব উত্তরপত্রের নম্বর পরিবর্তন হবে, সেগুলোর বিবরণী ও উত্তরপত্রে পুনর্মূল্যায়নকারী পরীক্ষকের স্বাক্ষর নিয়ে তা কম্পিউটার সেলে পাঠানো হবে। এরপর কম্পিউটার সেলে পরিবর্তিত নম্বর এন্ট্রি করা হবে এবং উত্তরপত্রের লিথোকোড যাচাই করা হবে। সবশেষে পরিবর্তিত উত্তরপত্র যাচাই করে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।

পুনর্মূল্যায়ন কার্যক্রম শুরু

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এ বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গত ১১ নভেম্বর থেকে এই কার্যক্রম চলছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বোর্ডের ৪ নম্বর ভবনের সপ্তম ও অষ্টম তলায় অবস্থিত উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় এ কাজ চলবে।

ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মো. মনজুরুল কবীর বলেন, এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে জমা পড়া লাখ লাখ আবেদন এবং তথ্য প্রক্রিয়াকরণের কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হবে। ফল প্রকাশের পর নম্বর পরিবর্তনের ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসঙ্গতি না থাকে, সে জন্য বোর্ডের আইসিটি টিম পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language