সাতক্ষীরা

পর্যটকের মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবনে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সাতক্ষীরা রেঞ্জ

সাতক্ষীরা,১২ নভেম্বর-সুন্দরবনে এক পর্যটক নিখোঁজ হওয়ার পর তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বন বিভাগ। তবে আগের নিয়ম অনুযায়ী এক দিনের ভ্রমণের অনুমতি চালু থাকবে।

বন বিভাগের আকস্মিক এ সিদ্ধান্তে আগে থেকে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকেরা অনিশ্চয়তায় পড়েছেন। একই সঙ্গে আয় ও জীবিকা কমে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় ট্রলারমালিক, শ্রমিক ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে এসে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। বন বিভাগ ও কোস্টগার্ডের টানা উদ্ধার অভিযানের পর ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখালের চর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার পর গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের বডির ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি মৌখিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ রাখা হয়েছে। তবে এক দিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মেই চালু থাকবে।”

নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে জানতে চাইলে তিনি জানান, আপাতত অনির্দিষ্টকালের জন্য এ অনুমতি বন্ধ রয়েছে। এ বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বন বিভাগের এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকেরা। আগে থেকে দুই বা তিন দিনের প্যাকেজ ও ভ্রমণের পরিকল্পনা করা অনেকেই এখন তা বাতিল বা পরিবর্তনের কথা ভাবছেন। তাঁদের মতে, এক দিনের সংক্ষিপ্ত সময়ে সুন্দরবনের মূল দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা সম্ভব নয়।

অন্যদিকে, তিন দিনের ভ্রমণের ওপর নির্ভরশীল মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও কদমতলা এলাকার ট্রলারমালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।

মুন্সিগঞ্জ ট্রলারমালিক সমিতির কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, “প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবনে যাতায়াত করছেন। কিন্তু এ ধরনের ঘটনা আগে ঘটেনি। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এ কারণে ভ্রমণের অনুমতি বন্ধ করা হলে আমাদের কিছু করার নেই।”

সংকট নিরসনে ট্রলারমালিক সমিতির মালিক ও শ্রমিকেরা একসঙ্গে বসে বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি।

সুন্দরবনে এর আগেও পর্যটকদের মৃত্যু ও নৌযান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে প্রাণ হারান ১৬ বছর বয়সী পর্যটক মাহিত আব্দুল্লাহ। একই বছরের ৮ নভেম্বর ঢাংমারি খালে ১৩ পর্যটক নিয়ে একটি বোট ডুবে যায়। এ ছাড়া ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদে পর্যটকবাহী একটি জালিবোট ডুবে গেলে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।

এস এম/ ১২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language