জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে প্রত্যর্পণে ভারতের সমস্যা থাকার কথা নয়: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা

ঢাকা,১০ নভেম্বর- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চাইলে তাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, তা সংবিধানেই বলা আছে। একজন দণ্ডিত আসামিকে প্রত্যর্পণ করতে হবে এবং ভারত সরকারকে তা করতে দিতে হবে। এই মুহূর্তে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয়। কারণ, যাকে প্রত্যর্পণ করার কথা, তিনিই দেশে ফিরতে চান। তাই এখন আর কোনো আইনগত জটিলতা আছে বলে তিনি মনে করেন না।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়ায় একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। শেখ হাসিনার বিচার কীভাবে হবে, সেটি সরকারের কাছে গুরুত্বপূর্ণ। তিনি গুরুতর অপরাধে দণ্ডিত আসামি, তাই তার জেলে যাওয়ার কথা। তাকে যে প্রক্রিয়ায় পাওয়ার কথা, সরকার সেই প্রক্রিয়াতেই তাকে পেতে চায়।

এলপিজির দাম বৃদ্ধি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, যে দাম নির্ধারণ করা হয়েছে, সেই দামেই বিক্রি হওয়া উচিত। বাজার মনিটরিং চলছে। তারপরও নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে এ বিষয়ে সরকারকে আরও সতর্ক হতে হবে।

তিনি আরও বলেন, যারা ককটেল ফাটাতে গিয়েছিল, তাদের অনেককেই হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের প্রবণতা কমে আসবে। জনগণের একেবারেই ভয় পাওয়ার কিছু হয়নি, এমন কথা সরকারের পক্ষ থেকে বলা ঠিক হবে না। কারণ, সরকার যখন নিরাপত্তার দায়িত্বে থাকে, তখন একটি মৃত্যুর ঘটনা ঘটলেও সরকারের কিছুটা ব্যর্থতা রয়েছে বলে যে কেউ মনে করতে পারেন। বিষয়টি স্বীকার করেই সরকার বলতে চায়, খুব দ্রুত এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

এস এম/ ১০ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language