জাতীয়

শ্রমজীবী মানুষের সুচিকিৎসায় ৬টি ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকা, ০৯ নভেম্বর – দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা সুনিশ্চিত করতে ৬টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে কেবল শ্রমিকদের সেবা প্রদানে এই ডেডিকেটেড হাসপাতালগুলো স্থাপন করা হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা ঘোষণা করেন। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

৬ প্রধান শিল্পাঞ্চলে ডেডিকেটেড সেবা

সংসদে শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

প্রধানমন্ত্রী সংসদে বলেন, “বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে আমরা এই ৬টি জায়গায় ১০০ শয্যার একটি করে হাসপাতাল তৈরি করব। এগুলো শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে।”

তিনি আরও স্পষ্ট করেন যে, শ্রমিকদের জন্য নির্দিষ্ট এই হাসপাতালগুলোর নামকরণ এবং তৈরির পুরো প্রক্রিয়াটি বিশেষভাবে শ্রমিকদের সেবার বিষয়টি মাথায় রেখেই সম্পন্ন করা হবে।

অতীত খাতের সংকট ও স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা

সংসদে দেওয়া বক্তব্যে বিগত রাজনৈতিক প্রেক্ষাপট ও খাতওয়ারি সংকটের তীব্র চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন যে, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা, শিল্প ও চিকিৎসা খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস ও অকার্যকর করে ফেলা হয়েছিল। দেশীয় খনিজ সম্পদ যথাযথভাবে ব্যবহার না করে জ্বালানি খাতকে সম্পূর্ণ আমদানিনির্ভর করে তোলার পাশাপাশি ভুল নীতির কারণে শিল্পের বিকাশ রুদ্ধ করা হয়েছিল।

স্বাস্থ্য খাতের দূরবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে গণতান্ত্রিক সরকারের আমলে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবার যে ভিত্তি গড়ে উঠেছিল, তা স্বৈরাচারের আমলে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়। তৎকালীন নীতিগুলোর কারণে দেশের মানুষকে বাধ্য হয়ে একটি বিশেষ দেশে গিয়ে চিকিৎসার শরণাপন্ন হতে হতো বলে তিনি মন্তব্য করেন।

গণমুখী সরকার ও দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার

তারেক রহমান উল্লেখ করেন যে, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। ফলে শ্রমিকসমাজসহ দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি জানান, কিছুদিন আগেই সংসদে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সার্বিক পরিস্থিতি ও শ্রমজীবী মানুষের অধিকার বিবেচনায় নিয়েই সরকার এই ৬টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

এনএন/ ০৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language