এশিয়া

চীনের তাইউয়ানে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

তাইউয়ানে বহুতল ভবন

বেইজিং,০৯ নভেম্বর-চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইউয়ান শহরে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শহরের ইংজে জেলার ‘হাওশেং ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট’ ভবনে আগুন লাগে। জেলা প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। অগ্নিকাণ্ডের রাতে ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে প্রথমে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে সোমবার সকাল নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।

জেলা প্রশাসন জানিয়েছে, আহতদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম লিয়ানজিয়ার তথ্য অনুযায়ী, ভবনটি আবাসিক ও বাণিজ্যিক—দুই ধরনের কাজে ব্যবহৃত হতো। সেখানে হোটেল, রেস্তোরাঁ এবং শিশুদের জন্য একাডেমিক প্রশিক্ষণ কেন্দ্রও ছিল।

তাইউয়ান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ভবনটির আশপাশে হাসপাতাল, স্কুল, বাণিজ্যিক কেন্দ্র ও পর্যটনস্থল রয়েছে। ভবনটির একটি হোটেলের কর্মীর ধারণা, পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়েছিল। পরে অষ্টম তলাতেও কয়েকজন আহত হন। তবে আগুনের প্রকৃত উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হোটেলের এক অতিথি জানান, ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙে গেলে তিনি দ্রুত বাথরুমে গিয়ে একটি তোয়ালে ভিজিয়ে নেন। এরপর করিডোর দিয়ে বের হওয়ার চেষ্টা করলে আরও পাঁচজনের দেখা পান। পরে তারা সবাই মিলে জানালার পর্দা বা আবরণ ভেঙে ভবনের বাইরের একটি প্ল্যাটফর্মে আশ্রয় নেন। প্রায় ৪০ মিনিট পর দমকলকর্মীরা তাদের উদ্ধার করেন।

চলতি বছর তাইউয়ান শহরে এটি দ্বিতীয় বড় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত মার্চে শহরের আরেকটি বহুতল ভবনে আগুন লেগে তিনজন নিহত ও ২৩ জন আহত হয়েছিলেন। ওই ভবনেও হোটেল, ক্লিনিক, আইনজীবীর কার্যালয়, কারাওকে বার ও রেস্তোরাঁ ছিল।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language