১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, রাজধানীতে কমেছে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল

ঢাকা,০৯ নভেম্বর-১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একটি সংগঠন। এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল কমে গেছে।
আজ সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় খুব কমসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। কোথাও কোথাও অটোচালকদের জড়ো হয়ে অন্য রিকশার চলাচলে বাধা দিতেও দেখা গেছে।
এদিকে সকাল থেকে বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা না চলায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের একটি লিফলেটে লেখা রয়েছে, ‘রাস্তা আছে যেখানে অটোরিকশা চলবে সেখানে’। পাশাপাশি বিআরটিএর মাধ্যমে লাইসেন্স দেওয়া এবং ড্রাইভিং লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
লিফলেটে আরও বলা হয়েছে, পরিশোধিত বিদ্যুৎ বিলের মিটার সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। রেকার ডাম্পিংয়ের নামে জুলুম ও নির্যাতন বন্ধ করতে হবে।
সমাবেশ শেষে অটোরিকশাচালকেরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাবেন বলেও লিফলেটে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ০৯ নভেম্বর ২০২৬







