যুক্তরাষ্ট্রকে দুই পথের একটিকে বেছে নিতে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তেহরান,০৯ নভেম্বর-মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনার মধ্যে এবার সরাসরি যুক্তরাষ্ট্রের ওপর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছে ইরান। দেশটি ইরানের সঙ্গে সংঘাত বন্ধ করে চুক্তিতে পৌঁছাবে, নাকি আবারও সামরিক সংঘাতের পথে এগোবে—যুক্তরাষ্ট্রকে এই দুই পথের একটিকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেছেন, ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে। যুক্তরাষ্ট্র সেটি গ্রহণ না করে যুদ্ধের পথ বেছে নিলে ইরানের যোদ্ধারা কঠোর জবাব দিতে প্রস্তুত।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক ও নির্বাচনি পরিবর্তনের কথা স্মরণ করিয়ে দেন আব্বাস আরাঘচি। তিনি লেখেন, ‘আমেরিকান ভোটাররা ইতোমধ্যেই নিজেদের পছন্দ জানিয়ে দিয়েছেন। এবার হোয়াইট হাউসের সিদ্ধান্ত নেওয়ার পালা।’
বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, অঞ্চলজুড়ে সংঘাত বন্ধে তেহরানের দেওয়া দুই দিনের বিশেষ প্রস্তাবটি এখনো আলোচনার টেবিলে রয়েছে। যুক্তরাষ্ট্রের উচিত প্রস্তাবটির শর্ত মেনে নিয়ে এর কার্যকারিতা যাচাই করা। এই শান্তি প্রস্তাবের অন্যতম প্রধান শর্ত হলো, মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা।
তবে ওয়াশিংটন যদি কূটনৈতিক সমাধানের পথ এড়িয়ে সামরিক পদক্ষেপের পথ বেছে নেয়, তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন এই শীর্ষ কূটনীতিক।
সামরিক হামলার পরিণতি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, ‘যদি তারা যুদ্ধকেই বেছে নেয়, তবে আমাদের সতর্ক ও যুদ্ধবিদ্যায় পোড় খাওয়া যোদ্ধারা কীভাবে ময়দানে আগুনের জাহান্নাম বর্ষণ করে, তা দেখার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।’
চলতি বছরের সেপ্টেম্বরে হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়ার জন্য সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করেছিল ইরান। ওই প্রস্তাবে সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ, অবরুদ্ধ ইরানি সম্পদ মুক্ত করা, তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির বন্দরগুলোর ওপর থেকে পাল্টা অবরোধ তুলে নেওয়ার দাবি জানানো হয়েছিল।
পরবর্তী সময়ে এসব শর্ত বাস্তবায়নের জন্য সময়সীমা কমিয়ে মাত্র দুই দিনের নতুন প্রস্তাব দেয় ইরান। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবারও সেই দুই দিনের প্রস্তাবের কথা স্মরণ করিয়ে দেন।
কী অবস্থা আলোচনার?
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি আলোচনা না হলেও কাতারের মধ্যস্থতায় পরোক্ষ যোগাযোগ চলছিল। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর সেই তৎপরতায় কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আরাঘচি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের ফল প্রকাশের পর কয়েক দিন ধরে মধ্যস্থতাকারীদের যাতায়াত বন্ধ রয়েছে। তাঁর মতে, নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে যে প্রতিক্রিয়া তৈরি করেছে, তা আলোচনার পরিবেশেও প্রভাব ফেলেছে। তিনি বলেন, ‘মধ্যস্থতাকারীদের যাতায়াত পুনরায় শুরু করার জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে কিছুটা সময় লাগবে।’
গত কয়েক দিনের আলোচনাতেও বড় কোনো অগ্রগতি হয়নি। তবে কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। কাতার ও পাকিস্তানসহ কয়েকটি দেশ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ (সোমবার) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আলে সানির সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এস এম/ ০৯ নভেম্বর ২০২৬







