ইউরোপ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আমস্টারডামে দুই লাখের বেশি মানুষের বিক্ষোভ

আমস্টারডামে দুই লাখের বেশি মানুষের বিক্ষোভ

আমস্টারডাম,০৯ নভেম্বর-ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও গণহত্যার প্রতিবাদে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে বড় ধরনের বিক্ষোভ করেছেন লাখো মানুষ। ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করা এবং দেশটিতে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে তাঁরা রাস্তায় নেমে আসেন।

স্থানীয় সময় গতকাল রোববার আমস্টারডামের বিভিন্ন সড়কে বিক্ষোভকারীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তাঁদের অনেকের পরনে ছিল লাল পোশাক। ‘রেড লাইন’ নামে পরিচিত এই কর্মসূচির অন্যতম আয়োজক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেদারল্যান্ডস শাখার তথ্য অনুযায়ী, বিক্ষোভে দুই লাখের বেশি মানুষ অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডংগেন বলেন, গাজায় যা ঘটছে, তা কোনোভাবেই মানবিক হতে পারে না। অথচ এই পরিস্থিতি মোকাবিলায় নেদারল্যান্ডস সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও সরকারের সাহসের অভাব রয়েছে বলে মনে করেন তিনি।

বিক্ষোভ চলার সময় আমস্টারডামের একটি সড়কের পাশে বাসস্টপে দাঁড়িয়ে মাইকে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন এক ব্যক্তি। তিনি ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিলে মিছিলে অংশ নেওয়া অনেকেই তাঁর সঙ্গে কণ্ঠ মেলান।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২১ হাজার শিশু রয়েছে।

দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক মহলে সমালোচনা অব্যাহত থাকলেও পরিস্থিতির কার্যকর কোনো পরিবর্তন হচ্ছে না।

নেদারল্যান্ডসে ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভ অবশ্য নতুন নয়। এর আগে গত বছরের অক্টোবরের শুরুতে আমস্টারডামে ‘রেড লাইন’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। একই দাবিতে গত বছরের জুনে হেগ শহরের রাজপথেও হাজারো মানুষ বিক্ষোভ করেন।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language