দেশে নতুন পৌরসভা, দুটি থানা ও দুটি অধিদপ্তর গঠনের প্রস্তাব প্রাক-নিকার সভায়

ঢাকা,০৯ নভেম্বর-দেশে নতুন একটি পৌরসভা, দুটি থানা, একটি পুলিশ তদন্তকেন্দ্র ও দুটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তনের প্রস্তাবও করা হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে প্রাক-নিকার সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি। এ ছাড়া মুখ্য সচিবসহ প্রায় সব সচিব বৈঠকে উপস্থিত থাকবেন। সেখানে উত্থাপনের জন্য সাতটি প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়া প্রস্তাবগুলো থেকে জানা গেছে, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’ করার প্রস্তাব দিয়েছে আইন ও বিচার বিভাগ। অন্যদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে (বাপাউবো) ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ করার প্রস্তাব করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। এ ছাড়া সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠনের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা চারটি প্রস্তাবও বৈঠকের কার্যতালিকায় রাখা হয়েছে।
প্রস্তাবগুলো হলো—কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করা, বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে ভাগ করে নতুন গঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপন করা, জয়পুরহাট জেলার কালাই থানার মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার এলাকায় ‘মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র’ স্থাপন করা এবং ময়মনসিংহ জেলার নতুন গঠিত উপজেলা দক্ষিণ গফরগাঁওয়ের নামের সঙ্গে মিল রেখে ওই উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ রাখা।
জানা গেছে, নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিবদের নিয়ে গঠিত একটি কমিটি। বাংলাদেশে নতুন জেলা, উপজেলা, থানা, সিটি করপোরেশন ও পৌরসভা গঠন কিংবা প্রশাসনিক সীমানা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব এই কমিটি বিবেচনা করে। আর প্রাক-নিকার সচিব কমিটির বৈঠক হলো নিকারের বৈঠকের আগে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক বা যাচাই-বাছাই সভা। তবে এই সভায় কোনো প্রস্তাব অনুমোদনের সুপারিশ পেলেই সেটি চূড়ান্ত অনুমোদন হিসেবে গণ্য হয় না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নিকারের অনুমোদন প্রয়োজন।
জানা যায়, জৈন্তাপুর পৌরসভা গঠনের জন্য সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি ডিও (আধাসরকারি পত্র) দেন। নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়ন নিয়ে এই পৌরসভা গঠিত হতে পারে। বিভিন্ন প্রক্রিয়া শেষ করে প্রস্তাবটি এবার প্রাক-নিকার বৈঠকে উঠছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিনের সই করা একটি সারসংক্ষেপ গত ১৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। সেখানে বলা হয়েছে, পানি উন্নয়ন বোর্ড ৬৫ বছরের বেশি সময় ধরে পানিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারি অন্যান্য প্রকৌশল সংস্থার মতো একই ধরনের সেবা দিলেও শুধু ‘বোর্ড’ হওয়ায় প্রতিষ্ঠানটিকে বিভিন্ন প্রশাসনিক ও অর্থনৈতিক জটিলতার মুখে পড়তে হচ্ছে। সামাজিক সুরক্ষা ও মর্যাদার ক্ষেত্রে বৈষম্য থাকায় নিয়োগ পাওয়া বেশির ভাগ প্রকৌশলী ও কর্মচারীর ক্যাডার সার্ভিসভুক্ত বিভিন্ন অধিদপ্তর ও সংস্থায় চাকরি করার আগ্রহ দেখা যাচ্ছে। এর ফলে বোর্ডের দক্ষতা ও কাজের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে।
মন্ত্রণালয়ের সারসংক্ষেপে আরও বলা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার এবং অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের কথা বলা হয়েছে। এসব লক্ষ্য অর্জনে খাল খনন কর্মসূচি, জলবায়ু ঝুঁকি মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি, বিজ্ঞানভিত্তিক বৃক্ষরোপণ, বনাঞ্চল, জলাভূমি ও চারণভূমি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানি সংরক্ষণ, কৃষিজমির লবণাক্ততা দূর করা এবং তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়নের কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সঙ্গে বাপাউবোর সংশ্লিষ্টতা রয়েছে।
এস এম/ ০৯ নভেম্বর ২০২৬







