জাতীয়

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ বসছে দ্বিতীয় সভা

মজুরি বোর্ড

ঢাকা,০৯ নভেম্বর-তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে আজ (৯ নভেম্বর) দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরবেন। এ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হবে। পাশাপাশি পরবর্তী করণীয় এবং মজুরি প্রস্তাব আরও উন্নত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, সভায় শ্রমিকপক্ষের পাশাপাশি মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে মালিকপক্ষের প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে তারা আজ প্রস্তাব জমা দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

গতকাল নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছিলেন, শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ পর্যালোচনা করে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত মজুরি প্রস্তাব তৈরি করা হচ্ছে।

অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন জানিয়েছেন, শিল্পাঞ্চলগুলোতে চলমান অস্থিরতা এবং কারখানা বন্ধ থাকার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। দ্বিতীয় সভার প্রস্তুতি চলছে। আলোচনার পর মজুরি প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার প্রস্তাব জমা দেওয়া হতে পারে, আবার নাও হতে পারে।

এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে নতুন মজুরি নির্ধারণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

আজকের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের পর মজুরির বিভিন্ন দিক, প্রস্তাবের যৌক্তিকতা এবং শ্রমিকদের জীবনযাত্রার খরচ বিবেচনায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রস্তাবের কোনো বিষয়ে সংশোধন বা আরও উন্নয়নের প্রয়োজন হলে সে বিষয়েও পরবর্তী করণীয় ঠিক করতে পারে বোর্ড।

এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নতুন করে নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language