হজ্জযাত্রী ও গুরুতর অসুস্থ শিক্ষকদের অবসর-কল্যাণের অর্থ দ্রুত দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

ঢাকা,০৮ নভেম্বর-হজযাত্রী ও দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পাশাপাশি অর্থের সংস্থান হওয়া সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পর্যায়ক্রমে অবসর ও কল্যাণ ট্রাস্টের প্রাপ্য অর্থ দেওয়ার সুপারিশও করা হয়েছে।
কমিটির সভাপতি সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, এমপি; তাহসিনা রুশদীর, এমপি; সেলিমুজ্জামান মোল্যা, এমপি; জাহান্দার আলী মিয়া, এমপি; বীথিকা বিনতে হোসাইন, এমপি; মুজিবুর রহমান, এমপি এবং আতিকুর রহমান মোজাহিদ, এমপি অংশ নেন।
বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী সংশোধনীসহ অনুমোদন ও নিশ্চিত করা হয়।
বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত সর্বশেষ প্রবিধানমালায় কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক রাখার বিধান এবং বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সুবিধা পাওয়ার বিষয়ে অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া হজযাত্রী ও দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা নেওয়া এবং অর্থের সংস্থান হওয়া সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পর্যায়ক্রমে অবসর ও কল্যাণ ট্রাস্টের প্রাপ্য অর্থ দেওয়ার সুপারিশ করা হয়।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে এনটিআরসিএর কার্যক্রম সম্পর্কে কমিটিকে জানানো হয়। চলমান নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলেও কমিটিকে জানানো হয়।
এনসিটিবির সার্বিক কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়। এ সময় কমিটি ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেয়।
বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটিকে জানানো হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে অনুসন্ধান ও তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়। এ সময় নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থান তুলে ধরা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন সম্পর্কে স্থায়ী কমিটিকে জানানো হয়। পাশাপাশি ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএর সর্বশেষ সিদ্ধান্ত তুলে ধরা হয়। কমিটি ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সার্বিক কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়। কারিগরি শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
বৈঠকে সিনিয়র শিক্ষা সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, জাতীয় বিশ্ববিদ্যালয়, এনটিআরসিএ, এনসিটিবি এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট অধিদপ্তর ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
এস এম/ ০৮ নভেম্বর ২০২৬







