ক্রিকেট

গোড়ালির গুরুতর চোটে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান

সাদমান

ঢাকা,০৮ নভেম্বর- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। গোড়ালির গুরুতর চোটের কারণে শুধু চলতি সিরিজ নয়, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম।

তার গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি হাড়েও হালকা চিড় ধরেছে।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে স্লাইড করার সময় ভারসাম্য হারিয়ে গোড়ালিতে গুরুতর আঘাত পান সাদমান। সঙ্গে সঙ্গে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়।

বিসিবি নিশ্চিত করেছে, গোড়ালির লিগামেন্টে বড় ধরনের চোট পাওয়ায় তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে।

এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্টে তো খেলতে পারবেনই না, আগামী ১০ ও ১১ নভেম্বর দুই ধাপে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়তে যাওয়া বাংলাদেশ দলের স্কোয়াডেও থাকছেন না তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৭ নভেম্বর। এত অল্প সময়ের মধ্যে সাদমানের পুরোপুরি ফিট হয়ে মাঠে ফেরা প্রায় অসম্ভব।

এদিকে সাদমানের হঠাৎ অনুপস্থিতিতে ওপেনিং পজিশনে বিকল্প খুঁজতে হচ্ছে জাতীয় দলের নির্বাচকদের। তার খালি হওয়া জায়গায় নতুন কোনো ওপেনারকে দলে নেওয়ার জোর প্রস্তুতি চলছে। খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য চূড়ান্ত টেস্ট স্কোয়াড ঘোষণা করা হতে পারে।

এস এম/ ০৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language