ইউরোপ

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আবুধাবিতে বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেন

মস্কো,০৭ নভেম্বর-ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত বন্ধের সর্বশেষ কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। এতে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা অংশ নেবেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন। কিয়েভের বিরুদ্ধে মস্কোর যুদ্ধ বন্ধের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মঙ্গল ও বুধবার এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির পর সংঘাত নিরসনের লক্ষ্যে এটি দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম বৈঠক হতে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি আবারও প্রধান আলোচক হিসেবে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এই দলে এবারই প্রথমবারের মতো থাকছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং জেনারেল স্টাফের জ্যেষ্ঠ কর্মকর্তা ইউরি ঝিগারলভস্কি।

রিয়াবকভ উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক দেখাশোনা করেন। পাশাপাশি অস্ত্র নিয়ন্ত্রণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচিসংক্রান্ত বিষয়গুলোও তার দায়িত্বের মধ্যে রয়েছে। অন্যদিকে ঝিগারলভস্কি জেনারেল স্টাফের ‘মেইন অপারেশনাল ডিরেক্টরেট’-এর উপপ্রধান। এই বিভাগ সামরিক পরিকল্পনা ও অভিযান পরিচালনার দায়িত্বে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রতিনিধি দলে আরও থাকবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন এবং দেশটির সামরিক গোয়েন্দা প্রধান ইগর কোস্তিউকভ। তারা আগের আলোচনাগুলোতেও অংশ নিয়েছিলেন। শুক্রবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে প্রতিনিধি দলের সব সদস্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকের একটি অংশ আসন্ন আলোচনার প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ছিল।

বৈঠকের টেলিভিশনে সম্প্রচারিত অংশে পুতিন আলোচনার আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিয়ে কথা বলতে চান তিনি। এ ধরনের বৈঠকের প্রচলিত নিয়ম অনুযায়ী, আলোচনার বেশিরভাগ অংশই রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ক্রেমলিন কেবল বৈঠকের শুরুর কয়েক মিনিটের দৃশ্য প্রচার করেছে।

যুক্তরাষ্ট্রের আলোচকরা শীত মৌসুম শুরু হওয়ার আগেই দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত নিরসনে বড় ধরনের অগ্রগতি অর্জনের চেষ্টা করছেন। এর আগে ফেব্রুয়ারিতেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language