জাতীয়

তারেক রহমানের আহ্বান, ‘দিল্লি-পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’

তারেক রহমান

ঢাকা,০৭ নভেম্বর-‘দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশও নয়, সবার আগে বাংলাদেশ’—এই দৃঢ় উচ্চারণের মধ্য দিয়ে দেশপ্রেমিক ও গণতান্ত্রিক জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস সম্পর্কে সচেতন বর্তমান প্রজন্ম যদি ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না।

অনুষ্ঠানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী-জনতার ঐক্যের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতাবিরোধী অপশক্তি ও ষড়যন্ত্রকারীরা তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে সপরিবারে গৃহবন্দি করেছিল। তবে দেশপ্রেমিক সিপাহী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করেন। এর মধ্য দিয়েই জাতীয় ঐক্যের চেতনার প্রতীক হিসেবে ৭ নভেম্বরের সূচনা হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, ষড়যন্ত্রকারীরা মহাজোটের নামে একজোট হয়ে দেশে আবারও একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিল। বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীর গৌরব ক্ষুণ্ন করেছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে সেই পরাজিত অপশক্তির আবারও পতন ঘটে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়। এ সময় তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, ন্যাশনাল ক্যাডেট কোর এবং বাংলাদেশ স্কাউটসের যৌথ উদ্যোগে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language