কোনো অভিবাসন খরচ ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল

ঢাকা,০৬ নভেম্বর-সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন খরচ ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নেওয়া হবে। নির্বাচিত কর্মীরা প্রতি মাসে মূল বেতন হিসেবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত পাবেন।
আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির মেয়াদ থাকবে তিন বছর। সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে। এ ছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের সুবিধা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ নভেম্বর (আজ) সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে (https://employee.oep.gov.bd/employee/registration) আবেদন করা যাবে।
প্রথম ধাপে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। এরপর কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগকারী প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে।
বোয়েসেল জানিয়েছে, নিয়োগের কোনো ধাপেই প্রার্থীদের কোনো টাকা খরচ করতে হবে না। তাই সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের আর্থিক লেনদেন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এস এম/ ০৬ নভেম্বর ২০২৬







