মিরপুরে শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলাকারীদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি ডিএমপির

ঢাকা,০৩ নভেম্বর-রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর আন্দোলন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পুলিশ জানিয়েছে, বর্তমানে সাধারণ শ্রমিকরা মাঠে নেই। বরং বিশেষ উদ্দেশ্য নিয়ে কিছু দুষ্কৃতকারী রাস্তায় নেমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মিরপুর এলাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তৌহিদুল আরিফ।
তিনি বলেন, আজ সকাল আনুমানিক ৯টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় কিছু দুষ্কৃতকারী রাস্তায় ব্যারিকেড দিয়ে সমস্যা তৈরির চেষ্টা করেছিল। আপনারা দেখেছেন, আমরা অত্যন্ত কঠোরভাবে তা দমন করেছি। আমরা আরও কঠোর হচ্ছি। কারণ, এখন রাস্তায় যারা আছে, তারা কোনোভাবেই প্রকৃত গার্মেন্টস কর্মী বা শ্রমিক নয়। তারা বিশেষ উদ্দেশ্য নিয়ে মাঠে নামা দুষ্কৃতকারী।
ডিসি তৌহিদুল আরিফ আরও জানান, প্রকৃত পোশাক শ্রমিকরা ছুটি হলে বা কাজ শেষে যে যার মতো বাড়ি চলে গেছেন। অনেকে আবার কারখানায় কাজ করছেন। আন্দোলনের আড়ালে কারা ইন্ধন দিচ্ছে এবং কী উদ্দেশ্যে এসব নাশকতা করা হচ্ছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় কতজন সদস্য আহত হয়েছেন এবং এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করেননি তিনি। তবে পরবর্তী সময়ে মিডিয়া সেলের মাধ্যমে এসব তথ্য জানানো হবে বলে উল্লেখ করেন।
তবে বর্তমানে মিরপুর-১০ গোলচত্বরসহ প্রধান সড়কগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অলিগলিতেও পুলিশের বিশেষ নজরদারি ও তল্লাশি অভিযান চলছে।
এস এম/ ০৩ নভেম্বর ২০২৬







