সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানিয়ে পাশে থাকার বার্তা দক্ষিণ কোরিয়ার

সিউল,০২ নভেম্বর-সৌদি আরবে সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে দুই দেশের সার্বিক প্রতিরক্ষা ব্যবস্থা ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে একে অপরের পাশে থাকার বার্তাও দিয়েছে দেশ দুটি।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ এবং দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী কাং শিন চুলের মধ্যে এক ফোনালাপে এ অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
ফোনালাপে নতুন দায়িত্ব গ্রহণের জন্য দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে অভিনন্দন জানান খালিদ বিন সালমান।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সৌদি প্রতিরক্ষামন্ত্রী লেখেন, ‘আমরা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পারস্পরিক সমর্থনের প্রতিশ্রুতি আবারও জানিয়েছি। একই সঙ্গে সৌদি ভূখণ্ডে হুতিদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছি।’
আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কূটনৈতিক ও কৌশলগত আলোচনা জোরদার করার অংশ হিসেবে সৌদি প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গেও আলাদা ফোনালাপ করেছেন।
এস এম/ ০২ নভেম্বর ২০২৬







