জাতীয়

পেশাগত স্বীকৃতি, হয়রানি বন্ধ ও প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশনসহ ৭ দফা দাবি ডেন্টাল ডিপ্লোমাধারীদের

বাংলাদেশ ডেন্টাল পরিষদ

ঢাকা,০২ নভেম্বর-পেশাগত মর্যাদা নিশ্চিত করা, হয়রানি বন্ধ এবং প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন চালুসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।

চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স শেষ করেও পেশাগত স্বীকৃতি ও কর্মসংস্থানের সংকটে রয়েছেন দেশের প্রায় ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী।

সরকারি চাকরিতে মাত্র ৮৫০টি পদ থাকায় অধিকাংশ ডেন্টাল ডিপ্লোমাধারী পেশাগত অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। জীবিকা নির্বাহের জন্য অর্জিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সীমিত পরিসরে প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা দিতে গিয়েও তাঁদের বিভিন্ন ধরনের হয়রানি ও আইনগত জটিলতার মুখে পড়তে হচ্ছে।

বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন এক প্রতিবাদলিপিতে এই সংকট সমাধানে সাত দফা দাবি তুলে ধরেছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ও ফেক আইডি ব্যবহার করে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও মানহানিকর প্রচারণার নিন্দা জানিয়েছেন তিনি।

সাত দফা দাবিগুলো হলো—

1\. দীর্ঘদিনের পেশাগত বঞ্চনা ও কর্মসংস্থানের সংকট দূর করা।

2\. স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত কর্মপরিধি অনুযায়ী পেশাগত দায়িত্ব ও কাজের ক্ষেত্র স্পষ্ট করা।

3\. প্রচলিত আইন ও নির্ধারিত কর্মপরিধি অনুযায়ী প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন চালু করা।

4\. সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণ এবং নতুন পদ সৃষ্টি করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।

5\. ডেন্টাল ডিপ্লোমাধারীদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার যথাযথ মূল্যায়ন করা।

6\. সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপপ্রচার ও মানহানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।

7\. পেশাগত সমস্যা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে কার্যকর আলোচনার উদ্যোগ নেওয়া।

লায়ন মুহাম্মদ কামাল হোসেন আশা প্রকাশ করেন, নীতিনির্ধারকরা এসব যৌক্তিক দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। পাশাপাশি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বঞ্চনা ও হয়রানি বন্ধ করে তাঁদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করবেন।

এস এম/ ০২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language