সৌদির কারখানায় আগুনে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ দেশে আসছে শনিবার

ঢাকা,৩০ অক্টোবর-সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) দেশে আসছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ দূতাবাস, রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী নিহত হন। এর মধ্যে গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। বাকি সাতজনের মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
ইতোমধ্যে মরদেহগুলো দেশে পাঠানোর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে আগামীকাল শনিবার সকাল ৮টা ০৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচজন হলেন—নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “নিহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ওয়েজ আর্নার্স বোর্ডের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো কীভাবে দ্রুত দেশে আনা যায়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ দেশে আসছে। তাঁদের মধ্যে চারজনের বাড়ি আত্রাই উপজেলায় এবং একজনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।”
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইউএনও আরও বলেন, “সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত হওয়ার ঘটনায় শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত ২৭ আগস্ট আত্রাই উপজেলার নিহত ১১ জনের মধ্যে সাতজনের মরদেহ দেশে আসে।”
এস এম/ ৩০ অক্টোবর ২০২৬







