পুতিনের প্রশংসা পেলেন ইলন মাস্ক, বললেন ‘সত্যিকারের জিনিয়াস

মস্কো,২৯ অক্টোবর-মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ককে অসাধারণ মেধার অধিকারী বলে প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কক্ষপথে হাজার হাজার কৃত্রিম উপগ্রহ স্থাপনে মাস্কের সাফল্যের কথা উল্লেখ করে তিনি এ প্রশংসা করেন। এমন এক সময়ে পুতিনের এই মন্তব্য সামনে এসেছে, যখন রাশিয়া নিজেদের স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক তৈরির চেষ্টা জোরদার করছে।
বুধবার মস্কোয় আয়োজিত রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি প্রদর্শনী পরিদর্শনের সময় ইলন মাস্কের দূরদর্শী মহাকাশ উদ্যোগ নিয়ে কথা বলেন পুতিন। এ সময় তিনি বলেন, ‘ইলন মাস্ক একজন জিনিয়াস, সত্যিই একজন জিনিয়াস।’ কক্ষপথে মার্কিন এই উদ্যোক্তার প্রভাবের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কক্ষপথে তার কতগুলো ইউনিট রয়েছে…? পাঁচ হাজারের বেশি। আর আমরা কেবল আমাদের প্রথম পদক্ষেপগুলো নিচ্ছি।’
মহাকাশে দুই দেশের কৌশলগত অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পুতিন বলেন, ‘আমরা আমাদের আমেরিকান অংশীদারদের সঙ্গে খুব নিবিড় যোগাযোগ রক্ষা করছি, যার মধ্যে মিস্টার মাস্কও রয়েছেন।’ কক্ষপথে যেন কেউ অন্যের কাজে বাধা সৃষ্টি না করে বা পরস্পরের স্বার্থের পরিপন্থী কোনো কাজ না করে, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে বিশ্বজুড়ে রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অন্যতম বড় অংশীদার হিসেবে কাজ করছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। পাশাপাশি প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী যোগাযোগের জন্য স্টারলিংক নেটওয়ার্ক পরিচালনা করছে। অন্যদিকে, রাশিয়াও দীর্ঘদিন ধরে মহাকাশে অন্যতম প্রধান শক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। সামরিক ও বেসামরিক—উভয় ক্ষেত্রেই ব্যবহারের লক্ষ্যে দেশটি নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তোলার প্রচেষ্টা জোরদার করেছে।
এস এম/ ২৯ অক্টোবর ২০২৬







