মাছ-মাংসের বাজার তদারকি জোরদার ও রপ্তানি বাড়াতে সংসদীয় কমিটির সুপারিশ

ঢাকা,২৮ অক্টোবর-ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এমপি।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপিসহ কমিটির সদস্যরা অংশ নেন। সভাপতির বিশেষ আমন্ত্রণে মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাজারভিত্তিক তদন্ত ও তদারকি কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়। সরবরাহ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ যাচাই এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে চলমান কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জলাশয়ে মাছের অভয়াশ্রম স্থাপন এবং উপজেলা ও জেলা পর্যায়ে খামারিদের সহায়তা কার্যক্রম আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
সামুদ্রিক মৎস্যসম্পদের অনুসন্ধান, মাছ আহরণের পরিমাণ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির সুপারিশ করেছে কমিটি। পরবর্তী সময়ে কমিটির বৈঠকে এ কর্মপরিকল্পনা উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকের শুরুতে আলোচ্যসূচি অনুযায়ী কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এরপর প্রথম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
এ ছাড়া মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর ও সংস্থাগুলোর চলমান নিয়োগ কার্যক্রমের অগ্রগতি পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, এম. এ. হান্নান, আলী আজম মো. আবু বকর ও আমির হামজা অংশ নেন।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৮ অক্টোবর ২০২৬







