জাতীয়

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বিশেষ অধ্যাদেশ জারি

সৌরবিদ্যুত

ঢাকা,২০ অক্টোবর-ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।

সোমবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন, এর বিস্তার এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশেষ বিধান তৈরির জন্য অধ্যাদেশটি জারি করা হয়েছে।

এ বিষয়ে প্রকাশিত গেজেটে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণ নিশ্চিত করতে বিশেষ বিধান প্রণয়ন করা প্রয়োজন।

গেজেটে আরও বলা হয়েছে, সংসদের অধিবেশন না থাকায় এবং রাষ্ট্রপতির কাছে বিষয়টি সন্তোষজনকভাবে প্রতীয়মান হওয়ায় জরুরি ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতি বিদ্যমান রয়েছে। এ কারণে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেছেন।

এর আগে রোববার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আগামী গ্রীষ্মের আগে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্য নিয়ে অধ্যাদেশটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এস এম/ ২০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language