লক্ষীপুর

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩৪ জেলেকে জরিমানা ৭৫ হাজার টাকা

৩৪ জেলেকে জরিমানা ৭৫ হাজার টাকা

লক্ষ্মীপুর,১৭ অক্টোবর-লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ ধরার কারণে ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে আটক জেলেদের বিরুদ্ধে ৪টি মামলায় মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের অর্থদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে ইলিশ শিকারে যান। দিনভর নদীতে অভিযান চালিয়ে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড ৩৪ জন জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়া জব্দ করা ১ লাখ ২০ হাজার মিটার জাল সবার সামনে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। আটক ৩৪ জেলের বিরুদ্ধে ৪টি মামলায় মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, মেঘনা নদীর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেওয়া হয়। সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে অভিযান অব্যাহত থাকবে।

মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময়ে মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, ২ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

এস এম/ ১৭ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language