আইন-আদালত

৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার ৩২৮টি ফোনকল

সুপ্রিম কোর্ট

ঢাকা,১২ অক্টোবর- অভিযোগ জানানো, আইনি পরামর্শ নেওয়া এবং মামলা সম্পর্কিত তথ্য জানতে চলতি বছরের প্রথম ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার ৩২৮টি ফোনকল এসেছে।

সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেলের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য এবং অভিযোগ দাখিলের বিষয়ে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে মোট ৭ হাজার ৩২৮টি ফোনকল এসেছে।

মনিটরিং সেল জানায়, গত সেপ্টেম্বরে আসা ৭৭৪টি কলের মধ্যে আইনি পরামর্শ নেওয়ার জন্য ১১১টি এবং মামলার তথ্য জানতে ১৮৪টি কল করা হয়। এসব কলের মাধ্যমে চাওয়া সব তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে।

গত মাসে হেল্পলাইন নম্বর ১০৩-এ সেবা পাওয়ার জন্য কল করলেও কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি, এমন কলের সংখ্যা ছিল ৩৮০টি। এ ছাড়া সুপ্রিম কোর্ট ও জেলা আদালতসংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, সেবা পেতে দেরি এবং অসদাচরণ নিয়ে ২০টি অভিযোগ এসেছে। এর মধ্যে আইনি সেবা পেতে দেরি, রায়ের কপি না পাওয়া, নথি হারিয়ে যাওয়া এবং দ্রুত মামলা নিষ্পত্তিসংক্রান্ত ১৪টি অভিযোগের সমাধান করা হয়েছে। অন্যদিকে, অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অসদাচরণসংক্রান্ত ছয়টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সেপ্টেম্বরে ৭৯টি ফোনকল এসেছে। তবে এসব অভিযোগ সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত না হওয়ায় এ ক্ষেত্রে কী করা যেতে পারে, সে বিষয়ে সুপ্রিম কোর্ট হেল্পলাইন থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয়। বর্তমানে সুপ্রিম কোর্ট হেল্পলাইনের ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেবা নেওয়া যাচ্ছে। পাশাপাশি ১০৩ নম্বরে অনলাইন সেবাও চালু রয়েছে।

এস এম/ ১২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language