জাতীয়

দুর্গাপূজায় যাত্রীদের জন্য ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, ৫ ট্রেনের ছুটি বাতিল

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম

ঢাকা,১১ অক্টোবর-আসন্ন দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের সুবিধাজনক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে পাঁচটি ট্রেনের অফ-ডে প্রত্যাহার করা হচ্ছে।

যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, ট্রেনের সময়সূচি ঠিক রাখা এবং নিরাপত্তা জোরদার করতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-ঢাকা রুটে আগামী ২০ অক্টোবর ঢাকা স্পেশাল-৩ চলাচল করবে।

ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ তারিখে মোট তিন দিন চলাচল করবে।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে আগামী ২৪ অক্টোবর ২০২৬ তারিখে চট্টগ্রাম স্পেশাল-৪ চলাচল করবে।

যাত্রীদের বাড়তি চাপ সামলাতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ১৯ ও ২০ অক্টোবরের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবর ২০২৬ তারিখের অফ-ডেও প্রত্যাহার করা হয়েছে।

রবিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রেনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিন সরবরাহ নিশ্চিত করা হবে। ট্রেনের সময়সূচি ঠিক রাখা এবং বিলম্ব কমাতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তদারকিতে ট্রেন পরিচালনা করা হবে।

রেলপথ ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে রেললাইনে টহলের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিয়মিত পরিচর্যা করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে দুর্ঘটনাস্থলে দ্রুত পাঠানোর জন্য রিলিফ ট্রেনগুলো সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।

ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ সব প্রধান স্টেশনে জিআরপি ও আরএনবির সহযোগিতায় সার্বক্ষণিক পাহারা জোরদার করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ২০২৬ তারিখে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন নিশ্চিত করা হবে। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ের কর্মচারীদের নজরদারি ও কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি, সংশ্লিষ্ট সচিব ও দপ্তরপ্রধানেরা, ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনাররা এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এস এম/ ১১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language