দিল্লিতে বড় রাজনৈতিক গ্রেফতারি: ‘ককরোচ’ আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

নয়াদিল্লি, ১০ অক্টোবর – ভারতের রাজধানী নয়াদিল্লিতে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ত্রুটি ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তরুণদের এই প্ল্যাটফর্মের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচির প্রাক্কালে তাকে আটক করা হয়।
বিমান থেকে নামার আগেই আটক শীর্ষ নেতৃত্ব
সংবাদমাধ্যম ও দলের সূত্র থেকে জানা যায়, বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে বিমানযোগে দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরপরই পুলিশ কর্মকর্তারা উড়োজাহাজের ভেতর প্রবেশ করেন। এ সময় প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে তাকে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়। তবে নির্ধারিত কর্মসূচি থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নেয়।
সিজেপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অভিজিৎ দীপকের পাশাপাশি দলটির অন্য দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও বিমান থেকে নামার পর আটক করা হয়েছে।
বিক্ষোভ কর্মসূচি ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ
ভোটার তালিকার অনিয়ম ও নির্বাচন ব্যবস্থার ত্রুটির প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে এই যুব আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি নির্ধারিত ছিল। তবে প্রশাসন থেকে এই কর্মসূচি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে দিল্লি পুলিশ।
এনএন/ ১০ অক্টোবর ২০২৬







