জাতীয়

শিল্পকলার দেয়ালে রবীন্দ্রনাথসহ পশ্চিমবঙ্গের ব্যক্তিত্বদের গ্রাফিতিতে কালি, আটক ২

রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াসসহ দুজনকে আটক করেছে পুলিশ

ঢাকা, ১০ অক্টোবর- রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরসহ পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের গ্রাফিতিতে কালি দেওয়ার অভিযোগে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াসসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাদের আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়। শাহবাগ থানার ডিউটি অফিসার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের ছবিতে কালি দেওয়ার ঘটনায় তাদের থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছেন।

শিল্পকলা একাডেমিসংলগ্ন দেয়ালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ১০ জন লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের গ্রাফিতি আঁকার পর থেকেই এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সেখানে পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ছবিও স্থান পায়।

গ্রাফিতিতে পশ্চিমবঙ্গের ব্যক্তিত্বদের অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তোলেন। তালিকায় বাংলাদেশের আরও গুণী ব্যক্তিত্বকে রাখা যেত কি না, একইভাবে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ব্যক্তিত্বদের স্থান দেওয়া হতো কি না, এসব বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেয়ালচিত্রে নারী ব্যক্তিত্বদের অনুপস্থিতি নিয়েও সমালোচনা দেখা দেয়।

সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধনের কাজ করে ডিএসসিসি। মৎস্য ভবনের দিকে যেতে শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরের বিপরীত পাশের ফুটপাতে ডাস্টবিন ও বসার বেঞ্চ স্থাপনের পাশাপাশি দেয়ালে বিশিষ্ট ব্যক্তিদের গ্রাফিতি আঁকা হয়। গত সোমবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।

গ্রাফিতিতে পশ্চিমবঙ্গের তিন ব্যক্তিত্বের পাশাপাশি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতান, চলচ্চিত্রকার জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম ও অভিনেতা হুমায়ূন ফরীদির ছবিও রয়েছে।

এস এম/ ১০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language